Maha Kumbh Mela: এখনই হচ্ছে না শেষ, ২৬ তারিখের পরেও চলবে মহাকুম্ভ? যোগীর কাছে পড়ল আর্জি – Bengali News | Is Government Extending Maha Kumbh Time Limit? Akhilesh Yadav Urges to Yogi
প্রয়াগরাজ: আগামী ২৬ তারিখ ইতি হবে ১৪৪ বছর পর আসা মহাকুম্ভ মেলা। গত ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব। চলবে ২৬ ফেব্রুয়ারি। হাত আর দিন কতক। তারপরই প্রয়াগরাজের বুক থেকে উঠে যাবে মহাকুম্ভ। ইতিমধ্য়েই এই মাসের প্রথমের দিকেই মহাকুম্ভ ছেড়েছেন বহু নাগা সন্ন্যাসীরা।
তবে যত যেন দিন ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কুম্ভে যাওয়ার হিড়িক। সাম্প্রতিককালেই, মহাকুম্ভ ঘিরে বিরাট যানজটের সাক্ষী থাকল গোটা দেশ। কেউ কেউ তো শহরের বাইরে আটকে থাকলেন টানা দু’দিন। জায়গা পেলেন না প্রয়াগরাজে ঢোকার।
এছাড়া ভিড়ের চাপ এতটাই যে পা ফেলা যাচ্ছে না ট্রেনের অন্দরেও। সাধারণভাবে জেনারেল কামরার মধ্যে উপচে ভিড় দেখা যায়। কিন্তু মহাকুম্ভ ঘিরে প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে ভিড় এতটাই বেড়ে যায় যে তা পৌঁছে যায় খোদ ট্রেনের চালকের বগি পর্যন্তও। এই ভিড়ের চাপেই কিন্তু ঘটেছিল পদপিষ্টের মতো ঘটনাও।
এবার মহাকুম্ভে যাওয়ার এই বাড়ন্ত হিড়িক দেখে মুখ খুললেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও। উত্তরপ্রদেশ সরকারের কাছে বিশেষ আর্জি রাখলেন তিনি। বললেন, যদি কোনও ভাবে একটু সময়সীমা বাড়ানো যায় এই মহাকুম্ভের।
তাঁর দাবি, ‘এখনও প্রচুর মানুষ মহাকুম্ভে যেতে আগ্রহী। সেই বিষয়টিকে মাথায় রেখেই যদি মহাকুম্ভের সময়সীমা আরও একটু বাড়ানো যায়, তাহলে সুবিধাই হবে পুণ্যার্থীদের।’
উল্লেখ্য, অনুমান ছিল, ৭৫ দিন ব্যাপী এই পুণ্য অনুষ্ঠানে যোগদান করবেন প্রায় ৪০ কোটি পুণ্যার্থী। কিন্তু সেই প্রশাসনিক অনুমান একেবারে ভুল দাঁড়ায়। সম্প্রতি, যোগী প্রশাসন সূত্রে খবর, মহাকুম্ভ শেষ হওয়ার সপ্তাহ তিনেক আগেই পেরিয়ে গিয়েছে সেই ৪০ কোটির লক্ষ্যমাত্রা।
