Madhyamik Exam: কেউ খেল সাপের কামড়, কারও পেটে ব্যথা, কেউ ভুল অ্যাডমিট কার্ড! পুলিশের তৎপরতাতেই ‘মিস’ হল না মাধ্যমিক – Bengali News | Students face problems in various districts while taking the secondary exams, police are the saviors
হাসপাতাল থেকেই চলছে পরীক্ষা Image Credit source: TV 9 Bangla
মুর্শিদাবাদ-মেদিনীপু-বর্ধমান: ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে এলেও সঙ্গে ছিল না অ্যাডমিড কার্ড। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় পরীক্ষা দিতে পারল মাধ্য়মিক পরীক্ষার্থী। ঘটনা রাক্কা ব্লকের বেওয়া ২ পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে হাসপাতালের বেডে বসেই আবার পরীক্ষা দিতে দেখা গেল অনেক পরীক্ষার্থীকে। এদিন এই ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদেও। পাশে দাঁড়াল প্রশাসন।
ফরাক্কা ব্লকের বেওয়া ২ পঞ্চায়েত এলাকায় বাড়ি রুম্পা হালদারের। এবার তার মাধ্যমিকের সিট পড়েছে অর্জুনপুর হাইস্কুলে। সময়ে পরীক্ষা কেন্দ্রে গেলেও দেখা যায় সঙ্গে আনেনি অ্যাডমিট কার্ড। সঙ্গে সঙ্গেই ঘটনার কথা বাইরে থাকা পুলিশ কর্মীদের জানায় ওই পড়ুয়া। শোনা মাত্রই রাউন্ডে থাকা পুলিশ কর্মীরা ব্যবস্থা নেন। দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এনে দেওয়া হয় অ্যাডমিট কার্ড। শেষ পর্যন্ত পরীক্ষা বসে ওই পড়ুয়া। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি রুম্পার পরিবারের সদস্যরাও।
অন্যদিকে একই জেলায় সুতি ব্লকের সাদিপুর বিকে হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এনি দাস। এবার তাঁর মাধ্যমিকের সিট পড়েছে ফতুল্লাপুর শশীমনি হাইস্কুলে। কিন্তু, শুক্রবার থেকে আচমকা তাঁর মারাত্মক পেটে যন্ত্রণা শুরু হয়। ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনার কথা জানিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরিবারের লোকজন। ঘটনা জানতে পেরে সুতি এক নম্বর ব্লকের বিডিও নিজে ওই পড়ুয়ার পরীক্ষার ব্যবস্থা করে। তিনি নিজে উপস্থিত থেকে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে জঙ্গিপুর হাসপাতালে পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।
অন্যদিকে পরীক্ষার দিনই আবার সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল পশ্চিম মেদিনীপুরের বেলদার সুশীনদার এক পরীক্ষার্থীকে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে জ্যোতির্ময় জানা নামে ওই পড়ুয়া। হাসপাতাল থেকেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। বর্ধমানে আবার পরীক্ষা দিতে দিতেই অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। নিয়ে যাওয়া হয়েছে জামালপুর স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর।