ICC Champions Trophy: পার্টি করতে যাচ্ছ না… চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার বদলিকে সতর্কবার্তা লয়েডের – Bengali News | This is not T20 mate, this is not a little party, says Former England coach David Lloyd after Bumrah’s replacement for Champions Trophy
ICC Champions Trophy: পার্টি করতে যাচ্ছ না… চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার বদলিকে সতর্কবার্তা লয়েডেরImage Credit source: PTI
কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিপাকে ফেলতে পারে দুর্বল পেস বিভাগ। এমনটা বলাবলি করছেন একাধিক দেশের প্রাক্তনীরা। জসপ্রীত বুমরার না থাকা যে ভালোমতোই চাপে ফেলবে ভারতকে, ক্রিকেট মহলের একাংশ একথাও বারবার বলছে। বুমরার বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) টিমে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। তাঁর অভিজ্ঞতা কম। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে অভিষেক হয়েছে। এ ছাড়া ভারতের পেস অ্যাটাকে রয়েছেন অর্শদীপ সিং। ৫০ ওভারের ফর্ম্যাটে এখনও জায়গা পাকা করতে পারেননি তিনি। এ ছাড়া রয়েছেন মহম্মদ সামি। ছন্দে ফিরেছেন ঠিকই, কিন্তু তাঁর ওয়ার্কলোডের দিকে নজর রাখতে হবে। ইংল্যান্ডের প্রাক্তন কোচ ডেভিড লয়েডও ভারতকে নিয়ে চিন্তিত। তাঁর মতে বুমরার অনুপস্থিতি টিম ইন্ডিয়াকে চাপে ফেলতে পারে। একইসঙ্গে তিনি বুমরার বদলি হিসেবে রানাকে নেওয়ার জন্য প্রশ্নও তুলেছেন।
TalkSPORT এ ডেভিড লয়েড বলেছেন, “ভারতীয় টিম বুমরাকে মিস করবে। বিশ্বের সবচেয়ে সেরা বোলার খেলবে না, এই সত্যিটা থেকে পালিয়ে যাওয়া তো যাবে না। নিঃসন্দেহে এটা একটা বড় সমস্যা।” একইসঙ্গে ডেভিড লয়েডের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি টি-২০ ফর্ম্যাটে নয়। ফলে ভারতীয় টিমকে সতর্ক হতে হবে।
অর্শদীপ সিং ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। কিন্তু এখনও তিনি ওডিআইতে খেলেছেন মাত্র ৯টি ম্যাচ। লয়েডের মতে, টি-২০ থেকে ওডিআইতে আসা অতটা সহজ নয়। দুই ফর্ম্যাটে বিরাট পার্থক্য রয়েছে। টি-টোয়েন্টিতে খুব দ্রুত নজর কেড়েছেন হর্ষিত রানা। আইপিএলে কেকেআরের জার্সিতে দাপট দেখিয়েছেন। বুমরার বদলির পাশাপাশি রানা কোচ গম্ভীরেরও ভরসা। টি-টোয়েন্টিতে নতুন বলই হোক আর স্লগ ওভারে বেশ হিট রানা। কিন্তু এ কথা ঠিক যে তাঁরও অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক ওডিআইতে খেলার। সেই কারণেই লয়েড সতর্ক করে দিয়েছেন রানা-অর্শদীপদের।
এই খবরটিও পড়ুন
লয়েড বলেন, “টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। ৪ ওভার থেকে ১০ ওভার বল করা সহজ নয়। এটা টি-২০ ফর্ম্যাটে টুর্নামেন্ট নয়। এটা কোনও ছোট পার্টিও নয়। যে গেলাম আর চলে এলাম। এটা এমন একটা ফর্ম্যাট যেখানে খেলতে ও অভ্যস্থ নয়।”