Nadia: স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর হাতে ‘খুন’, পলাতক অভিযুক্ত – Bengali News | Nadia ‘Murder’ by wife’s first party husband, absconding accused
নদিয়া: স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর হাতে ‘খুন’ এক ব্যক্তি। ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। পুরানো বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া ধুবুলিয়ায়। ঘটনার পর পলাতক অভিযুক্ত। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাধবেন্দ্র দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাস। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। অভিযোগ, সেই সময় তাঁর স্ত্রী প্রথম পক্ষের স্বামীকে ফোনে বিষয়টি জানান। অভিযোগ, তখনই অভিযুক্ত গিয়ে ধারাল অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায়। চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় মানুষজন তাঁকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মাধবেন্দ্রর। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী। তার খোঁজে সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। এক প্রতিবেশীর বক্তব্য, “আমরা অনেকক্ষণ ধরেই চিৎকার চেঁচামেচি শুনছিলাম। কিন্তু প্রথমে বিশেষ পাত্তা দিইনি। তারপর গোঙানির শব্দ শুনে গিয়ে দেখি রক্তারক্তিকাণ্ড। ”
