ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবচেয়ে বড় ‘কাঁটা’ রিজওয়ানের পাকিস্তান, যে যে কারণে বলা হচ্ছে… – Bengali News | Mohammad Rizwan’s Pakistan biggest threat to Rohit Sharma led Indian Team in ICC Champions Trophy 2025 UAE Dubai
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবচেয়ে বড় ‘কাঁটা’ রিজওয়ানের পাকিস্তান, যে যে কারণে বলা হচ্ছে…Image Credit source: PTI
কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) শুরু হতে এক সপ্তাহের মতো সময় বাকি রয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি ভালোই হয়েছে। ইংল্যান্ডকে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ক্লিন সুইপ করেছে টিম ইন্ডিয়া। এই সিরিজ জয়ের ফলে ভারতীয় টিম বেশ খানিকটা আত্মবিশ্বাস জড়ো করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে। বাটলারদের বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা ও শুভমন গিলের মতো ক্রিকেটারদের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট প্রেমীদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আস্থা জোগাচ্ছে। এরই মাঝে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ক্রিকেট মহলে এমনটা বলা হচ্ছে যে মিনি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় কাঁটা হতে পারে পাকিস্তান। কিন্তু কেন এমনটা বলা হচ্ছে?
বেশ কয়েকটি দিক থেকে এই টুর্নামেন্টে রোহিত ব্রিগেডের থেকে এগিয়ে রিজওয়ানের গ্রিন আর্মি। এর জন্য কোন কোন কারণ উল্লেখ করা হচ্ছে? এক, ভারতীয় টিম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইতে কোনও প্র্যাক্টিস ম্যাচ খেলবে না। যা নিঃসন্দেহে ভারতের জন্য খানিক চাপের। দুই, পাকিস্তানের হোম কন্ডিশনের সঙ্গে দুবাইয়ের ভীষণ মিল রয়েছে। তিন, পাকিস্তানের এবং দুবাইয়ের পিচ ও ওয়েদারও প্রায় একই। ফলে এখানে খেলতে বাবর-রিজওয়ানদের কোনও সমস্যা হয়তো হবে না। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা রয়েছে। একাধিক পাক ক্রিকেটার সম্প্রতি ILT20-তে খেলেছেন। ফলে তাঁরা এখানকার পরিবেশের সুবিধা নিতে পারেন।
এই খবরটিও পড়ুন
সংযুক্ত আরব আমিরশাহিতে ভারত-পাক সাক্ষাতের পরিসংখ্যানেও এগিয়ে পাকিস্তান। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে মোট ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৩টি ম্যাচ দুবাইতে হয়েছিল। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দুবাইতেই ভারতীয় টিমকে ১০ উইকেটে হারিয়েছিল। যদি ওডিআই ফর্ম্যাটের কথা বলা হয়, তা হলে ২০১৮ সালে শেষ বার দুটো টিম মুখোমুখি হয়েছিল। তাতে ভারত ২টো ম্যাচই জিতেছিল।