Drying Clothes: ঘরের ভেতর জামাকাপড় শুকোতে দিচ্ছেন! একঝাঁক বিপদ… – Bengali News | Why drying clothes indoors could be a recipe for mould and respiratory issues
বর্ষাকালে জামাকাপড় ধোয়া অনেক সময়ই ঝঞ্ঝাটের। জামাকাপড় ধোয়া তো হল, কিন্তু শুকোনো হবে কী ভাবে! ফলে ঘরের ভেতরেই তা মেলে দেওয়া হয়। সমস্যাটা যে শুধু বর্ষার সময়েই তা নয়। অনেকের ক্ষেত্রেই পর্যাপ্ত জায়গাও থাকে না। সে কারণে ঘরের ভেতরই জামাকাপড় শুকোতে দেন। কারও ক্ষেত্রে আবার একদিনে এত জামাকাপড় ধুয়ে ফেলেন যে ব্যালকনির জায়গাও পর্যাপ্ত হয় না। কিন্তু ঘরের ভেতর জামাকাপড় শুকোতে দেওয়ার ফলে নানা দিক থেকেই যে ক্ষতি হচ্ছে, সেটা হয়তো অনেকেই জানেন না। সদ্য কন্টেন্ট ক্রিয়েটর জেক এই বিষয়টি সামনে এনেছেন। আর তার সূত্র ধরেই আলোচনা।
ঘরের ভেতর জামাকাপড় শুকোতে দেওয়ার ফলে কী কী সমস্যা বা ক্ষতি হচ্ছে, সে বিষয়ে কথা বলেছেন চিকিৎসকরা। ভেজা কাপড়ের জন্য রুমের মধ্যে একটা ড্যাম্প ভাব বেড়ে যাচ্ছে। এর ফলে নানা সমস্যা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস নানা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে কিছু বিষয় তুলে ধরেছে। একদিকে যেমন রুমের দেওয়াল, ছাদ এবং বিভিন্ন অংশে ছত্রাক জাতীয় জিনিস জমতে পারে তেমনই শারীরীক দিক থেকেও নানা বিপদ।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ঘরে এই ছত্রাক জমার ফলে নানা সমস্যা হতে পারে।
শ্বাসকষ্টজনিত: শ্বাস-প্রশ্বাসের সময় এই ছত্রাক জাতীয় জিনিস থেকে জীবানু প্রবেশ করতে পারে। কাশি, শ্বাসকষ্ট এমনকি অ্যাস্থমার মতো সমস্যাও হতে পারে।
অ্যালার্জি-অনেকের মধ্যে অ্যালার্জির সমস্যাও বাড়াতে পারে। যাদের এসব বিষয় নিয়ে অ্যালার্জি রয়েছে, তাদের যে নতুন করে বিপদ বাড়বে সেটা বলাই যায়। ছত্রাকের জীবানু থেকে ক্লান্তি, মাথাব্য়থা, ইমুন্যিটি কমার মতো সমস্যাও হতে পারে।
সমস্ত সমস্যা কী ভাবে কমানো যেতে পারে? চিকিৎসকের মতে, ঘরের মধ্যেও জামাকাপড় শুকোনো যেতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। এক্সস্ট ফ্যান ব্যবহার করা বা বাথরুমে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানে জামাকাপড় শুকোনো যেতে পারে। তুলনামূলক ভাবে ক্ষতি কম হবে, এমনটাই মত চিকিৎসকের।