Man’s Death: বাইক থেকে স্ত্রীকে নামিয়ে বেধড়ক মার, চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখলেন মহিলা – Bengali News | Some people beaten one person and killed him in road north dinajpur
চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখলেন মহিলাImage Credit source: Tv9 Bangla
রায়গঞ্জ: দ্রুত গতিতে যাচ্ছিল বাইক। সেই সময় হঠাৎ সামনে চলে আসে একটি শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে সেই শিশুকে ধাক্কা মারে বাইকটি। ব্যাস! তারপরই লোক জড়ো হতে শুরু করে রাস্তায়। বাইক দাঁড় করিয়ে চালককে দেদার মার। গণপিটুনির জেরে মৃত্যু চালকের। স্ত্রীর চোখের সামনেই স্বামীকে ‘খুন’ চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ এলাকায়।
জানা গিয়েছে, মহাজমবাড়ি এলাকার বাসিন্দা বিকাশ বর্মণ। রবিবার রাতে স্ত্রীকে নিয়ে মোটর বাইকে চেপে রায়গঞ্জ থানার বিন্দোল এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় বালিয়াদিঘি এলাকায় তাঁর চলন্ত মোটর বাইকের সামনে এক শিশু আচমকা চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা মারেন বিকাশ। সঙ্গে-সঙ্গে এলাকার লোকজন জড়ো হয়ে শুরু করে সেখানে। তাঁর মোটর বাইক আটকে দেয়। অভিযোগ, বাইকের চাবি খুলে নিয়ে স্ত্রীর সামনেই চলে ব্যাপক মারধর। ঘটনায় গুরুতর যখম ও চরম অসুস্থ অবস্থায় বিকাশ বর্মণকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় নবাব সিরাজদৌল্লা ও জলিল মহম্মদ নামে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের গনপিটুনিতেই বিকাশের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁর স্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন মৃতের স্ত্রী ও ভাই সহ পরিবারের লোকেরা। ঘটনার তদন্তে পুলিশ।
মৃতের স্ত্রী সুমিত্রা বর্মণ বলেন, “আমরা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম। বাইকের সামনে একটা বাচ্চা চলে আসে। তাতে পায়ে ব্যথা পায়। সঙ্গে সঙ্গে লোক জড়ো হয়। ওরা বাইকের চাবি নিয়ে নিল। মারল। আমার স্বামী জল চাইল। দিল না। আমায়ও মেরেছে।”
