Maha Kumbh 2025: মাঘী পূর্ণিমার পুণ্যস্নানের আগেই বন্ধ করে দেওয়া হল প্রয়াগরাজ স্টেশন! ভক্তরা কীভাবে মহাকুম্ভে যাবেন? – Bengali News | Massive Traffic Jam in Prayagraj Ahead of Maghi Purnima Snan in Maha Kumbh, Prayagraj Sangam Station Closed Temporarily
প্রয়াগরাজ: মৌনি অমাবস্য়া, বসন্ত পঞ্চমীর পর আবারও একটা পুণ্যস্নান মহাকুম্ভে। মাঘী পূর্ণিমাতেও কোটি কোটি পুণ্যার্থী ডুব দেবেন মহাকুম্ভে। এদিকে, পুণ্যস্নান করার হিড়িকে উপচে পড়া ভিড় রেল স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাটে। প্রয়াগরাজে ঢোকার আগেই ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে যানজট লেগেছে। মৌনি অমাবস্যার মতো অবস্থা যাতে না হয়, তার জন্য বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। বন্ধ করে দেওয়া হল প্রয়াগরাজ সঙ্গম স্টেশন।
১২ ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা। এই দিনে মহাকুম্ভে পুণ্যস্নান করতে কোটি কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। আরও পুণ্যার্থীরা আসছেন দলে দলে। ক্রমাগত ভিড় বাড়ায় কার্যত ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে প্রয়াগরাজে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে জ্যাম লেগেছে। ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতেই ২ ঘণ্টা সময় লাগছে।
কুম্ভে জ্যাম।
এদিকে, ভিড়ের চাপে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল ভিড়ে যাতে ফের পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখন কেবল প্রয়াগরাজ থেকে ট্রেন চলাচল করবে। উত্তর-পূর্ব রেলওয়ে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে দারাগঞ্জ স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল।
পাশাপাশি কুম্ভমেলার জন্য চালু আধ ডজনেরও বেশি ট্রেনকে বিকল্প রুটে প্রয়াগ স্টেশনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সমস্ত ট্রেন প্রয়াগরাজ জংশন থেকে চলাচল করবে।
