Coconut Oil: ভেজাল তেল ব্যবহার করা ছাড়ুন, বাড়িতেই বানান খাঁটি নারকেল তেল! রইল পদ্ধতি – Bengali News | How to make pure coconut oil at home
ছোটোবেলায় আদর করে মাথায় নারকেল তেল মাখিয়ে দিত মা-ঠাকুমারা। তেলের যত্ন নিতে এই একটি জিনিসের জুড়ি মেলা ভার। চুল থেকে ত্বক রূপ চর্চায় দুর্দান্ত উপকারী এই তেল। বিশেষ করে শীতকালে খসখসে ত্বকের হাত থেকে রক্ষা পেতে এবং ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে নারকেলের তেলের কোনও তুলনা হয় না।
এতে আছে নানা উপকারী ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড। ক্ষতিগ্রস্ত চুল হোক বা ত্বক, নারকেল তেল মাখলে উপকার পাবেন। তবে সমস্যা হল এখন বাজারে অর্ধেক জিনিস ভ্যাজালে ভর্তি। বাজার চলতি সব নারকেলের তেলের মান যে খুব ভাল এমনটা নয়। তাহলে কী করবেন? চিন্তা নেই, খাঁটি নারকেল তেল কিন্তু বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। কীভাবে জানেন?
প্রথমে একটা নারকেল কুড়ে নিন। নারকেল কোড়ার সঙ্গে গরম জল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি ভাল করে বেটে নিন। ব্লেন্ডও করতে পারেন। নারকেলের দুধ ছেঁকে নিন।
নারকেলের দুধ ৭-৮ ঘণ্টা কিংবা সারারাত ঢাকা দিয়ে রেখে দিন। এতে নারকেলের দুধ জমাট বেঁধে যাবে। এরপর এই জমাট বাঁধা দুধটা অল্প আঁচে গরম করতে বসান।
দুধ ফুটে গেলে দেখবেন তেল বেরোচ্ছে। কিছুক্ষণ দুধ ফোটানোর পর দেখবেন তেল আলাদা হয়ে গিয়েছে। ওই তেল আলাদা করে শিশিতে ভরে রাখুন। ব্যস বাড়িতেই তৈরি খাঁটি ও বিশুদ্ধে নারকেল তেল। যেমন উপকারী তেমনই কাজের।