Rohit Sharma: ‘ক্যাপ্টেনই যদি পারফর্ম করতে না পারে…’, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের উপর চটলেন কপিল – Bengali News | Ahead of ICC Champions Trophy Kapil Dev on Rohit Sharma says if captain is out of form then team will suffer
‘ক্যাপ্টেনই যদি পারফর্ম করতে না পারে…’, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের উপর চটলেন কপিলImage Credit source: PTI
কলকাতা: ২, ৩, ৯, ১০, ৩, ৬, ১৮, ১১, ০, ৮ এই হল আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ১০ ইনিংসে রোহিত শর্মার করা রান। ভারত অধিনায়কের নামের পাশে যা বড়ই বেমানান। বিশ্বের অন্যতম তাবড় ব্যাটারদের মধ্যে একজন তিনি। সেই তাঁরই ব্যাটে কিনা এমন রানের খরা! রোহিতের অনুরাগীরা যে কারণে বেজায় মনমরা। সেঞ্চুরি তো বহুদূর, ২০২৪ সালের অক্টোবরে শেষ বার হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত। একদিকে যেমন রান আসছে না তাঁর ব্যাটে, মাঠের বাইরেও তাঁকে নিয়ে চরম সমালোচনা হচ্ছে। ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে বোর্ড ইতিমধ্যেই রোহিত শর্মাকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করতে বলেছেন। আর তার ডেডলাইন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) পর। এরই মাঝে দেশের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) খানিক চটেছেন রোহিত শর্মার (Rohit Sharma) উপরে। তাঁর মতে, অধিনায়ক ফর্মে না থাকলে টিম চাপে পড়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের এই অফ ফর্ম তাঁকে যেমন চাপে রেখেছে, তেমনই ভারতীয় টিম ম্যানেজমেন্টও বেশ চিন্তিত। এই পরিস্থিতিতে ক্রিকেট আড্ডা ইউটিউব চ্যানেলে ভারত অধিনায়ক রোহিতকে নিয়ে কপিল দেব বলেন, ‘ও বড় প্লেয়ার। আমি আশা করছি খুব তাড়াতাড়ি ও ফর্মে ফিরবে। কোচকে শুভকামনা জানাই। থিতু হতে খানিক সময় লাগবে। পুরো দেশ চাইছে দলকে ভালো পারফর্ম করতে দেখতে। সম্প্রতি কিছু কিছু সময় ভালো খেলেছে ওরা। তবে দলটাকে অগছালো লাগছে। ক্যাপ্টেনের ফর্ম ভালে না হলে দলে সমস্যা হয়।’
এই খবরটিও পড়ুন
কপিল দেব সেখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, ‘ভক্তরা যে রেগে যাচ্ছে, তার যথেষ্ট কারণ রয়েছে। দলটা ভালো খেলেনি। যখন এই টিমটা টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরল, সেই সময় পুরো পাগল করা দৃশ্যের সাক্ষী হয়েছি। যা আমার জীবনে আগে কখনও দেখিনি। ফলে যখন ওরা খারাপ খেলবে, সমালোচনা তো হবেই। আমি এটাই বলব যে, প্লেয়ারদের অনেক বেশি পুজো করো না। ওরা সামলাতে পারবে না। আবার যখন সমালোচনাও করবে। আমার ভাবনা এটাই।’