Big News: ইচ্ছাকৃত ভাবে কাজ স্তব্ধ করতে চাইছে…নিজের এক্তিয়ার দেখুন: স্বরূপ বিশ্বাস – Bengali News | Federation President Swarup Biswas replied to directors decisions of not working
ইচ্ছাকৃত ভাবে কাজ স্তব্ধ করতে চাইছেন ডিরেক্টরস গিল্ড, যে ফেডারেশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের উচিত নিজের এক্তিয়ার দেখা। ডিরেক্টররা কর্মবিরতিতে যেতেই কড়া ভাষায় আক্রমণ ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের।
প্রসঙ্গত, গত সন্ধে ৭ টার মধ্যে ফেডারেশনের তরফ থেকে কোনও সদুত্তর না পেয়ে, আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল ডিরেক্টরস গিল্ড। সেই মতোই সকাল থেকে বন্ধ টলি পাড়ার কাজ। তারপরেই এই দিন সাংবাদিকদের মুখোমুখি হন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।
তিনি বলেন, “অরগানিক, ব্লুস এবং রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস গৃহপ্রবেশে শুটিং বন্ধ আছে। বাদ বাকি সব শুটিং চলছে বলেই খবর রয়েছে আমার কাছে। জি-এর প্রোমো চলছে, সেটের কাজ হচ্ছে।”
স্বরূপের কথায়, “গতকাল আমরা বলেছিলাম যে কোনও সমস্যার আলোচনার মধ্যে সমাধান সূত্র বার করা সম্ভব। কিন্ত এটা দ্বিতীয় বার যখন ডিরেক্টরস গিল্ড ইচ্ছাকৃত ভাবে কাজ স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও ২দিন বন্ধ করা হয়েছিল, আজকেও হঠাৎ করে তাঁরা বন্ধ করলেন।”
আজকেই ফেডারেশন এবং গিল্ডের মধ্যে বৈঠকে কথা রয়েছে। স্বরূপ বলেন, “এটা আকাঙ্ক্ষিত নয়, যদি কোনও সমস্যা হয় তাহলে আমরা তা আলোচনার মাধ্যমে সমাধান করে নেব। আমরা শুনেছি এবং গতকাল চিঠিও পেয়েছি, পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী ও টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান এবং তথ্য প্রযুক্তি দফতরের চেয়ারম্যান দুজনেই আজকে ফেডারেশন ও গিল্ডকে ডেকে পাঠিয়েছেন কী সমস্যা জানার জন্য।”
এরপরেই ডিরেক্টরস গিল্ডকে কড়া ভাষায় আক্রমণ করেন স্বরূপ বিশ্বাস, তিনি বলেন, “কিন্তু এর পরেও তাঁরা আজ কর্মবিরতিতে গেলেন। এটা সমস্যাটাকে আরও বাড়িয়ে দিল কিন্তু। যে ভাষায় তাঁরা ফেডারেশনের কাছে কৈফিয়ত চাইছেন, ফেডারেশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, আমি তাদেঁর কাছে একটাই বলতে পারব যে আপনি আগে নিজের এক্তিয়ার দেখুন।”