Zakia Jafri: গুজরাট হিংসায় স্বামীকে হারিয়েছিলেন, ৮৬ বছর বয়সে প্রয়াত জাকিয়া – Bengali News | Zakia Jafri, Gujarat violence survivor and widow of Congress MP Ehsan Jafri passes away
আহমেদাবাদ: প্রয়াত হলেন ২০০২ সালের গুজরাট হিংসায় নিহত প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। শনিবার আহমেদাবাদে মেয়ের বাড়িতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবারের লোকজন জানিয়েছেন, আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে জাকিয়ার।
জাকিয়ার পুত্র তনবীর জাফরি বলেন, “আহমেদাবাদে আমার বোনের বাড়িতে গিয়েছিলেন মা। অন্যান্য দিনের মতো এদিন সকালেও নিজের কাজ করেন তিনি। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছিলেন। আচমকা অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডাকা হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ চিকিৎসক আমার মাকে মৃত ঘোষণা করেন।” জাকিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজকর্মী তিস্তা সেতালবাদ। একসময় গুজরাট হিংসায় বিচার চেয়ে জাকিয়ার সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি।
২০০২ সালে গুজরাট হিংসায় আহমেদাবাদের গুলবার্গ সোস্যাইটিতে ৬৯ জন খুন হন। মৃতদের তালিকায় ছিলেন জাকিয়ার স্বামী এহসান জাফরি। কংগ্রেসের প্রাক্তন সাংসদ ছিলেন এহসান।
এই খবরটিও পড়ুন
তাঁর স্বামীর মৃত্যুর পর আইনি লড়াই শুরু করেন জাকিয়া। যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এই হিংসার ঘটনায় গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন জাকিয়া। এই নিয়ে তদন্তের নির্দেশ দিতে শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। অভিযোগের যৌক্তিকতা নেই জানিয়ে ২০২২ সালে জাকিয়ার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
