Mahakumbh: মহাকুম্ভ থেকে ভদ্রেশ্বর ফিরেই মাথায় হাত মহিলার, এমনটা কী করে ঘটল! – Bengali News | Hooghly bhadreswar women notice that Thief took everything from house after she returning from mahakumbh
হুগলি: পুণ্য লাভের আশায় মহাকুম্ভে গিয়েছিলেন। কিন্তু বাড়িতে ফেরার পরই মাথায় হাত হুগলির ভদ্রেশ্বরের সঙ্গীতা কবিরাজের। ঘরে ঢুকতে গিয়েই চোখ কপালে ওঠার জোগাড়। এ কী! এটাও সম্ভব? বাড়ি ফিরে দেখলেন তালা ভেঙে সব চুরি করে নিয়ে পালিয়েছে চোর। শুধু কি তাই? সাধের হাতঘড়ি নিয়েছে তাও মানা যায়, তা বলে ফেসওয়াশটাও ছাড়বে না?
ভদ্রেশ্বর লিচুবাগানের বাসিন্দা সঙ্গীতা কবিরাজের স্বামী রাহুল কবিরাজ। গত ২৫ জানুয়ারি শ্বশুড় শ্যামাপ্রসাদ ও পরিচিত আরও কয়েকজন দু’টি গাড়ি করে প্রয়াগরাজ গিয়েছিলেন। সেখানে মহাকুম্ভে পূণ্যস্নান করে আজ বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরেই হতবাক হয়ে যান। বাড়ির সব তালা ভাঙা। চুরি হয়ে গিয়েছে। তিনটি আলমারি খুলে চোর নিয়ে গিয়েছে দু’টি দামি হাত ঘড়ি। একই সঙ্গে খোয়া গিয়েছে একটি সোনার মঙ্গল সুত্র। মুক্তোর হার,কিছু নতুন নোট, একটি দামি ক্যামেরা। এমনকী চোর ছাড়েনি সঙ্গীতার ফেসওয়াশ।
সঙ্গীতা বলেন, “পঁচিশ তারিখ মহাকুম্ভে গিয়েছিলাম পরিবার পরিজনদের সঙ্গে। আজ বাড়ি ফিরে দেখি তালা ভেঙে বাড়িতে চুরি হয়েছে। আমার একটি ফেসওয়াশ নিয়ে গেছে চোর। আমি চাইব আমার চুরি যাওয়া জিনিস ফেরত পাই। আর চোরকে পুলিশ ধরলে তাকে পেটাতে চাইব। এই রকম ছ্যাঁচড়ামি করে কেউ চুরি করে?” কবিরাজদের প্রতিবেশী পিয়ালী ভট্টাচার্য বলেন, “রাতে কুকুর ডাকছিল খুব। ভাবলাম ওরা এমন তো রোজ ডাকে। আজ যখন পুলিশ এল জানতে পারলাম চুরি হয়েছে।”
