কারখানার মধ্যেই ছুরি নিয়ে পরস্পরের ওপরে হামলা ২ বন্ধুর, পরিণতি হল মর্মান্তিক - 24 Ghanta Bangla News
Home

কারখানার মধ্যেই ছুরি নিয়ে পরস্পরের ওপরে হামলা ২ বন্ধুর, পরিণতি হল মর্মান্তিক

হাওড়ার বাঁকড়ায় ভিনরাজ্যের ২ শ্রমিকের মধ্যে বিবাদের জেরে খুন হলেন একজন। অন্যজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে কারখানায় ঢুকে একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে ২ প্রবাসী শ্রমিক একে অপরের ওপর হামলা চালালেন তা খতিয়ে দেখছেন পুলিশ। 

জানা গিয়েছে, বাঁকড়ার মণ্ডলপাড়ায় একটি চেয়ারের কারখানায় দিন দশেক আগে ঝাড়খণ্ডের ২ শ্রমিক কাজে যোগদান করেন। রাতে কারখানারই একটি ঘরে থাকতেন তাঁরা। শুক্রবার সকাল ৭টা নাগাদ স্থানীয়রা কারখানায় ঢুকে দেখেন সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন জারদিস আনসারি নামে এক শ্রমিক। পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন সোনু আনসারি নামে তাঁরই বন্ধু। 

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া ফাঁড়ি ও ডোমজুড় থানায়। পুলিশ এসে আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা জানাচ্ছেন ২ জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়ে একসঙ্গে কাজে যোগদান করেছিলেন তাঁরা। কী কারণে তাঁরা একে অপরের ওপর হামলা চালাল তা জানা যায়নি। পুলিশ গিয়ে গোটা কারখানাটি সিল করে দিয়েছে। কারখানার মালিককেও জেরা করছে তারা। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে সবাই কারখানা থেকে চলে যাওয়ার পর কোনও কারণে ২ জনের মধ্যে বচসা বাঁধে। সম্ভবত মত্ত অবস্থায় একে অপরের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় ২ বন্ধু। তাতেই মৃত্যু হয় একজনের। তবে এই ঘটনায় বাইরের কেউ যুক্ত কি না তাও জানার চেষ্টা চলছে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *