Kunal Ghosh: তিলোত্তমার বাবা-মা যা বলেন, সিপিএম-এর মুখপত্র পড়ে জানতে পারি: কুণাল ঘোষ – Bengali News | Kunal ghosh claims, RG Kar victims’s parents are getting politically influenced
সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষImage Credit source: TV9 Bangla
কলকাতা: সম্প্রতি তাঁর মন্তব্যে তিলোত্তমার বাবা-মাকেই নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। শাসক নেতা প্রশ্ন তুলেছেন, তিলোত্তমার বাড়িতে সব ঠিক ছিল কি না, তাঁরা কিছু গোপন করছেন কি না, সেগুলো তো এবার তদন্তে আসা উচিত। এখানেই শেষ নয়। তিলোত্তমার বাবা-মা সন্তান হারানোর পরও স্নায়ু শক্ত রেখে কীভাবে কথা বলছেন, সেই প্রশ্নও শোনা গিয়েছে কুণাল ঘোষের মুখে। এবার তিলোত্তমার বাবা-মা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিপিএম-এর মুখপাত্রের কথা বললেন কুণাল।
গত রবিবার কুণাল ঘোষ বলেছিলেন, “চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে গিয়েছেন তিলোত্তমার বাবা-মা।” তিনি আরও বলেন, “আমাদের বিস্ময় লাগছে যে, মেয়ের মৃত্যুতে বাবা-মার বুক ভেঙে গিয়েছে। অথচ সেদিন থেকে স্নায়ু ধরে রেখে একেকদিন একেকরকম বিবৃতি দিয়ে যাওয়া, কী করে সম্ভব? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না।” পরে আর এক তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র প্রশ্ন তোলেন, “ওঁরা কি টাকা চান? যদি মনে করেন টাকা চান, টাকাই চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়।”
এই বিতর্কের মাঝে তিলোত্তমার বাবা বলেছেন, ওরা (তৃণমূল) তো আগেই টাকা দিতে চেয়েছিল, সেটা নিইনি বলেই এত কিছু বলা হচ্ছে। সাংবাদিকদের মুখে সে কথা শুনেই এদিন কুণাল ঘোষ বলেন, “ওঁরা কী বলেন, সেটা আমরা গণশক্তিতে রোজ সকালে দেখতে পাই।” সিপিএম-এর মুখপত্রে সেই বক্তব্য রোজ ছাপা হয় বলে দাবি করেছেন তিনি। কুণাল ঘোষ আরও বলেন, “আমাদের পূর্ণ সম্মান আছে। শুধু বলতে চাইছি, ওঁরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে যাচ্ছেন।”