পুরোপুরি সুস্থ নন সইফ! তারই মাঝে ইব্রাহিমকে নিয়ে ক্যামেরার সামনে ছোটে নবাব, ছবি ভাইরাল – Bengali News | Saif ali khan poses with bandaged neck in viral unseen picture with son ibrahim ali khan
এখনও ঘাড়ের ক্ষত শুকোয়নি। চিকিৎসকরা বলেছেন, এখনও বেশ কিছুদিন লাগবে সইফ আলি খানের পুরোপুরি সুস্থ হতে। কিন্তু ছোটে নবাবকে তো বেডরুমে রাখাই যাচ্ছে না। কড়া নিরাপত্তাকে সঙ্গে নিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন। পুরো বিষয়টা অবশ্য সুগৃহিনীর মতো নজরে নজরে রেখেছেন করিনা কাপুর খান। তবুও চিকিৎসকের বাধা নিষেধ তো মানতেই হবে!
ব্যাপারটা হল সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ছেলে ইব্রাহিম ও ফ্যাশন ডিজাইনার দাবি বেনস গিলকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সইফ। সইফের ঘাড়ে লক্ষ্য করা গিয়েছে, সাদা ব্যান্ডেজও। নীল টিশার্ট, ঢোলা পাজামা পরে ছেলেকে সঙ্গে নিয়ে ক্যামেরায় হাসিমুখে পোজ দিয়েছেন সইফ। সইফের হাসিমুখ দেখে মনেই হচ্ছে, সইফ আগের থেকে অনেকটা সুস্থ। তবে ক্ষত যে এখনও শুকিয়ে যায়নি, তার প্রমাণ ঘাড়ের ব্যান্ডেজ।
বুধবারই করণ জোহর তাঁর ইনস্টাগ্রামে সইফ ও অমৃতা সিং পুত্র ইব্রাহিমের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ধর্মা প্রোডাকশানের ঘর থেকেই বলিউডে পা রাখছেন ইব্রাহিম। সূত্র বলছে, সেই উপলক্ষ্যেই ফ্যাশন ডিজাইনার দাবিকে নিয়ে স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছিলেন ইব্রাহিম ও সইফ। সেই ছবিই ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।
১৫ জানুয়ারি, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ।
শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।