ফলোয়ার বাড়াতে মৃত্যুর ছক! সোহিনী-ইন্দ্রাশিস জুটি চমক দেবেন নতুন ওয়েব সিরিজ – Bengali News | Actress sohini guha roy debuts in web series starring indrasish roy
শোনা যায়, আজকাল নাকি সিনেমা, সিরিজে সুযোগ পেতে সোশাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা মেপে নেন কাস্টিং সংখ্যা বা প্রযোজকরা। আবার বিনোদুনিয়ায় এমনও নিয়ম চালু হয়েছে, যেখানে সেলেবরা জনপ্রিয়তা ধরে রাখতে সোশাল মিডিয়ায় রাতদিন কিছু না কিছু করেই চলেন। এতকিছু করার পরেও যদি হঠাৎ ফলোয়ার সংখ্যা কমে যায়! তাহলে? ঠিক এমনটাই ঘটল লক্ষ্মী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হিয়া। বোল্ড শুট থেকে ট্রেন্ডিং গানে রিলস করেও ফলোয়ার দিন দিন কমছিল হিয়ার। ঠিক এমন সময়ই হিয়ার সোশাল মিডিয়া ম্যানেজারের বুদ্ধিতে মৃত্যুর ছক করেন হিয়া। ব্যস, হঠাৎ করেই রটিয়ে দেওয়া হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন হিয়া! আর অন্যদিকে সৌম্যকে সঙ্গে নিয়ে পাহাড়ের এক হোটেলে গা ঢাকা দেন হিয়া ও সৌম্য। তারপর…
এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘@ফলোয়ার্স’। মঙ্গলবার মুক্তি পেতে চলেছে এই সিরিজের ট্রেলার। এই সিরিজ থেকেই ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সোহিনী গুহরায়। এছাড়াও রয়েছেন শান্তিলাল মুখার্জি, ইন্দ্রাশিষ রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলাম এবং স্যান্ডির মতো অভিনেতারা। স্কাইপ্যানস কমিউনিকেশনসের ব্যানারে তৈরি এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার।
এই ওয়েব সিরিজ নিয়ে বলতে গিয়ে সোহিনী জানিয়েছেন, ” এই সিরিজের গল্পটা খুবই প্রাসঙ্গিক। সোশাল মিডিয়ায় আমাদের জীবনের অংশ। কিন্তু সেটা আশীর্বাদ না কি অভিশাপ, তা আমাদের উপরেই নির্ভর করে। এই সিরিজে সেই বার্তা দেওয়ারই চেষ্টা করা হয়েছে। ”