নার্সদের উদ্দেশে নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্য ভবন, উল্লেখ রয়েছে কড়া পদক্ষেপের - 24 Ghanta Bangla News
Home

নার্সদের উদ্দেশে নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্য ভবন, উল্লেখ রয়েছে কড়া পদক্ষেপের

সোমবার আরজি কর হাসপাতালের ঘটনার রায় ঘোষণা হবে। অর্থাৎ শাস্তি ঘোষণা করা হবে সঞ্জয় রায়ের। আর তার আগেই নার্সদের উদ্দেশে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। চিকিৎসকদের উদ্দেশে যে নির্দেশিকা জারি হয়েছিল সেটা সকলেরই জানা। এবার শুধু সরকারি হাসপাতালের চিকিৎসকরা নন, নার্সদের খারাপ ব্যবহার নিয়েও অভিযোগ তোলেন বহু রোগীর পরিবার। এবার এমন অভিযোগকে সামনে রেখে রোগী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কেমন আচরণ করবেন নার্সরা তা নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। যা নিয়ে এখন নার্সদের মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

ওই নির্দেশিকায় স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, রোগীর সেবার সঙ্গে জড়িত নার্সরা। তাই রোগী অথবা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ভাল ব্যবহার করা কর্তব্যের মধ্যে পড়ে। রোগী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কোনও নার্স খারাপ ব্যবহার করলে বা রোগীর ক্ষেত্রে অযত্ন করলে কড়া পদক্ষেপ করা হবে। নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে। নানা পর্যায়ে প্রশিক্ষণ নিয়ে এবং মানুষের পাশে সর্বদা থাকার শপথ নিয়েই জীবিকা শুরু করেন নার্সরা বলে নির্দেশিকায় সে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আসলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার পর থেকে আরও সচেতন হয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন:‌ জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ সিপিএমের, কী জানাল নবান্ন?

স্যালাইন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। সেই আবহ জিইয়ে রেখে এবার নার্সদের উপর চাপ বাড়াল স্বাস্থ্যভবন বলে মনে করা হচ্ছে। নির্দেশিকায় চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। যা কর্মক্ষেত্রে সব সময়ে মনে রাখতে বলা হয়েছে। এক, ভাল আচরণ। দুই, সহানুভূতিশীল ব্যবহার। তিন, নমনীয় কথাবার্তা এবং চার, রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করা। অনেক নার্সের আচরণ নিয়েই অভিযোগ উঠতে থাকে। সেই সহানুভূতিশীল ব্যবহার চোখে পড়ে না বলে অভিযোগ। রোগীদের আবেগের একটা বিষয় থাকে। ভয়, আতঙ্ক থাকে। তাই মানবিকতার সঙ্গে তা দেখা উচিত। ইতিমধ্যেই নানা অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্যভবনে। তাই এই নির্দেশিকা বলে জানা গিয়েছে।

অনেক ক্ষেত্রে নার্সদের উদ্যোগেই উপকৃত হন রোগীরা। তাঁরা পরিস্থিতি জটিল দেখে দ্রুত চিকিৎসককে ডেকে আনেন। তার জেরে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন সংশ্লিষ্ট রোগী। আর সেটাই যাতে সর্বদা সব জায়গায় বজায় থাকুক চায় স্বাস্থ্য দফতর। তাই স্বাস্থ্যভবনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই প্রসঙ্গে নার্সদের সংগঠন ‘নার্সেস ইউনিটি’র পক্ষ থেকে ভাস্বতী মজুমদার বলেন, ‘রাজ্যে রোগী পরিষেবায় অঘটনের জন্য নার্সদের দায়ী করা ঠিক নয়। ব্যবহারের প্রসঙ্গ বলে রোগীদের কাছে নার্সদের গ্রহণযোগ্যতা কমিয়ে দিলে রোগী পরিষেবা উন্নত হবে না। যাঁরা ব্যবহার সঠিক করার কথা বলছেন তাঁরা কী ব্যবহার করেন?‌’‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *