‘‌সমস্ত অভিযোগ কাল্পনিক–মিথ্যা, আমি প্রমাণ করব’‌, চার্জ গঠনের সময় বিচারককে পার্থের দাবি - 24 Ghanta Bangla News
Home

‘‌সমস্ত অভিযোগ কাল্পনিক–মিথ্যা, আমি প্রমাণ করব’‌, চার্জ গঠনের সময় বিচারককে পার্থের দাবি

Spread the love

নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ই মাস্টারমাইন্ড। এই দাবি করেছে ইডি সিবিআই দু’‌পক্ষই। আজ সোমবার তথ্যপ্রমাণ তুলে ধরে ইডির মামলায় চার্জ গঠন হল। আজ ব্যাঙ্কশাল কোর্টে চার্জ গঠন করা হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’–কে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ আদালতে হাজির করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তিনি। আজ, সোমবার অসুস্থতার রিপোর্ট জমা দিয়েছে তারা।

অসুস্থতার কারণে বৃহস্পতিবার ২ জানুয়ারি আদালতে হাজির করা যায়নি সুজয়কৃষ্ণ ভদ্রকে। তাই বিলম্বিত হয়েছিল চার্জগঠনের প্রক্রিয়া। আজ ভার্চুয়াল মাধ্যমে বিচার ভবনে হাজির করা হয় তাঁকে। বিচারক সুজয়কৃষ্ণকে তাঁর শারীরিক অবস্থার খবর জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, ‘ভাল আছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে?’‌ আবার আজ আদালতে দাঁড়িয়ে ইডি’‌র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ‘আমি নির্দোষ। আপনার কাছেই প্রমাণ করব।’ আজ চার্জ গঠন হয় অয়ন শীল, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও।

আরও পড়ুন:‌ দু’‌কোটি টাকার মাদক পাচারের চেষ্টা, জাল পেতে গ্রেফতার করল মালদহ জিআরপি

আজ পার্থ চট্টোপাধ্যায় হাজির ছিলেন ইডি’‌র বিশেষ আদালতে। বিচারক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তাঁকে শোনান। তখনই পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনতে চান বিচারক। পার্থ বিচারককে বলেন, ‘‌এই সমস্ত অভিযোগ কাল্পনিক। সবই মিথ্যা। আর সেসব আমি আপনার সামনেই প্রমাণও করব।’‌ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের হাতে যদি প্রমাণ থাকে তাহলে তিনি দিচ্ছেন না কেন?‌ এমন কী প্রমাণ করতে চাইছেন তিনি?‌ এতদিন সেসব কথা বলেননি কেন?‌ আদালতের অন্দরেই এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে।

আজ কালীঘাটের কাকু সম্পর্কে ইডির আইনজীবী বিচারককে জানান, কালীঘাটের কাকু এখন হাই–ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন। তাঁর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো আছে। তবে শুনানি শেষে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘চার্জ গঠন করে ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে ইডি। প্রমাণ ছাড়াই এই চার্জ গঠন হয়েছে।’ এটা শুনে ক্ষুব্ধ হন বিচারক। বিচারকের কথায়, ‘এটা তো সরাসরি আদালত অবমাননার সমতুল অভিযোগ।’ এটা শুনেই পার্থ চট্টোপাধ্যায়ের সাফাই, ‘আপনার উপর আমার আস্থা আছে।’ তখন বিচারকের কড়া প্রশ্ন,‘আপনি কী করে ভাবলেন প্রমাণ ছাড়া আপনার বিরুদ্ধে চার্জ গঠন হল?’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *