Bangladesh: ‘যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হব’, সীমান্তে কামান দাগা, চলছে গোলা বর্ষণ, কপ্টার-ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত বাংলাদেশ! নতুন বছরের শুরুতেই ‘সীমা’ পার করলেন ইউনূস – Bengali News | Bangladesh Bangladeshi troops conducted war drills in Chattagram
ঢাকা: কামান দাগা, চলছে গোলা বর্ষণ, প্রস্তুত সেনা! হচ্ছেটা কী? বাংলাদেশের আবার যুদ্ধ জিগির। ট্যাঙ্ক, কপ্টার, কামান নিয়ে চট্টগ্রামে যুদ্ধের মহড়া দিচ্ছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, আসলে মহড়ার আড়ালে ক্ষমতায় আস্ফালন দেখাচ্ছেন ইউনূস। চট্টগ্রামে যুদ্ধের মহড়া সারছেন সেনারা।


সম্প্রতি ইউনূসের আরও একটি বক্তব্য সামনে এসেছে। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কী কারণে এই মহড়া হয়েছে। ইউনূসকে বলতে শোনা যাচ্ছে, “এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি। যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া। দেশকে রক্ষা করা, সকল পরিস্থিতিতে। যে কোনও মুহূর্তে যে যে অবস্থায় আছেন না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। পূর্ণ সাহস ও পূর্ণ প্রস্তুতি নিয়ে।”

গত বছরের শেষ কয়েক মাস ধরে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব ক্রমবর্ধমান। সেখানকার কট্টরপন্থী নেতা থেকে শুরু করে বাংলাদেশের প্রাক্তন সেনকর্তারাও একের পর এক হুমকি, হুঁশিয়ারি দিয়েছিলেন। দেওয়া হয়েছিল কলকাতা দখলের ডাক, তারপর কেবল কলকাতা নয়, বাংলা-বিহার-ওড়িশা-অসম দখলের ডাক, শেষে সেভেন সিস্টার দখলেরও ডাক। মাঝে একবার দিল্লি দখলেরও ডাক নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। তা নিয়ে ভারতে কম হেয়ালি হয়নি। সামাজিক মাধ্যমে ভরে যায় মিম।
এবার বাংলাদেশের যুদ্ধের মহড়া নিয়েও সেরকমই বলছেন এদেশের সেনাকর্তারা। তাঁদের বক্তব্য, ক্ষমতার আস্ফালন দেখাতে গিয়ে নিজের সীমা পেরিয়ে যাচ্ছেন। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলেন, “নতুন বছরে এটা একটা হাসির খোরাক। আমি জানি না ১৯৭১ সালের পর বাংলাদেশ আরও কোনও যুদ্ধের মহড়া বা প্রস্তুতি করেছে কিনা। তবুও যে ট্যাঙ্ক রয়েছে, তাতে জং লেগে গিয়েছে। ভালই হবে মহড়া দিলে। যদি ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তাও করে থাকে, তাহলে আমি বলব বাংলাদেশ মূর্খের স্বর্গে বাস করছে।”
