শুভেন্দু কখন-কোথায় যাচ্ছেন, ঘণ্টায় ঘণ্টায় খবর যাবে শাহের দফতরে, সেলফি তুলে গেলেও হবে ‘সার্চ’ – Bengali News | Suvendu Adhikari’s security getting higher than before after agency’s report comes
কলকাতা: নতুন করে সাজানো হল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা। বাংলাদেশের অশান্তির আবহে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানানো হয়েছে, জঙ্গি নিশানায় রয়েছেন শুভেন্দু অধিকারী, হতে পারে হামলা। সেই রিপোর্ট সামনে আসার পরই নন্দীগ্রামের বিধায়কের নিরাপত্তায় দেওয়া হয়েছে বিশেষ নজর।
জানা গিয়েছে, প্রত্যেক সভায় ‘ডি জোন’ থাকতে হবে। অর্থাৎ শুভেন্দুর আশপাশে বেশ কিছুটা অংশ ফাঁকা থাকবে। কেন্দ্রীয় গোয়েন্দারা পুরোপুরি নজর রাখবেন। সভা, মিছিল বা যে কোনও ‘আউটডোর’ কর্মসূচিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের হাতে শিল্ড এবং আগ্নেয়াস্ত্র থাকবে বলে সূত্রের খবর। সভা শেষে মঞ্চ থেকে নেমে কোনও কথা বলবেন না শুভেন্দু। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরও দেবেন ওই মঞ্চ থেকেই। স্টেজের নীচে দাঁড়িয়ে কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না।
আরও জানা গিয়েছে যে রাস্তাতেও থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। কনভয়ে থাকবে ২২ জনের সশস্ত্র বাহিনী। কনভয় সিগন্যালে দাঁড়ালে সামনে, পিছনে এবং দু’ পাশে ভিআইপি গাড়ি ঘিরে থাকবে অন্য সিকিউরিটি গাড়ি। স্পর্শকাতর এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি বুঝে বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করতে হবে।
মহিলা নিরাপত্তারক্ষী পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে। বিধানসভার ক্ষেত্রে নিরাপত্তারক্ষী বাইরে থাকেই। এ ক্ষেত্রে বিধানসভার ২ নম্বর গেটের সামনে বিরোধী দলনেতার প্রবেশ ও বেরোনোর সময় সাধারণ মানুষ যাতে ভিড় না করেন, সেটা নিশ্চিত করতে হবে।
কোনও ব্যক্তি বিরোধী দলনেতার সঙ্গে সেলফি তুলতে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা তল্লাশি করবেন বলে প্রোটোকলে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি কর্মসূচি এবং বিরোধী দলনেতার গতিবিধি ঘণ্টায় ঘণ্টায় জানানো হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। আগে ১২ ঘণ্টা অন্তর জানানো হত।