বাড়িতেই ঘটেছিল বিপদ, কী এমন হল যে আর জ্ঞান ফেরানো গেল না মনমোহন সিংয়ের? – Bengali News | Former PM Manmohan Singh Passed away, What Happened to Him, AIIMS Shares Details
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।Image Credit source: PTI
নয়া দিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর মেলে, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক। এর প্রায় দুই ঘণ্টা পরে, রাত ৯ টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। ঠিক কী হয়েছিল তাঁর? খবর মিলল হাসপাতাল সূত্রেই।
এইমস-র বিবৃতিতে জানানো হয়েছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর বাড়িতেই হঠাৎ তিনি সংজ্ঞা হারান। বাড়িতেই তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। এরপর রাত ৮টা ৬ মিনিটে এইমসের মেডিক্যাল ইমার্জেন্সিতে তাঁকে আনা হয়। বহু প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সরকারের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ, শুক্রবার রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মনমোহন সিংয়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। কর্নাটকে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে। খবর পেয়ে তাঁরাও যাবতীয় কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরছেন। আগামী ৭দিন কংগ্রেসের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।
