RG Kar case: ‘সিবিআই মিথ্যে কথা বলছে’, ফুঁসে উঠলেন তিলোত্তমার বাবা-মা – Bengali News | Tilottama’s parents not happy with CBI investigation in RG Kar case
পাণিহাটি: ৪ মাস হয়ে গিয়েছে। মেয়ের ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। সেই ন্যায়বিচার কবে মিলবে জানেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি তিনমাস পিছিয়ে যাওয়ার পর তিলোত্তমার বাবা-মা বলছেন, তাঁরা হতাশ হয়েছেন। তবে লড়াই ছাড়ছেন না বলে জানিয়ে দিলেন তাঁরা। একইসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধেও সরব হলেন তিলোত্তমার বাবা-মা।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের ১৭ মার্চ। শীর্ষ আদালতে মামলার শুনানি তিনমাস পিছিয়ে যাওয়া নিয়ে তিলোত্তমার মা বলেন, “হতাশ কিছুটা হয়েছি। তবে আশা হারাইনি। আশা হারালে তো মেয়ের বিচারই পাব না। লড়াই চালিয়ে যাব। আমরা এখন মিনিট, সেকেন্ড করে দিন গুনি।”
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। এদিন সিবিআইয়ের বিরুদ্ধে সরব হলেন তিলোত্তমার বাবা।
এই খবরটিও পড়ুন
তিনি বলেন, “আদালতে দাঁড়িয়ে যে এত সহজে মিথ্যা কথা বলা যায়, সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি। সিবিআই আদালতে বলছে, আমরা সবসময় বাবা-মার সঙ্গে যোগাযোগ রাখছি। কিন্তু, আমরা তো কিছুই জানতে পারছি না। সিবিআই বলেছিল, আপনাদের জানিয়েই চার্জশিট জমা দেব। কিন্তু, কিছু না জানিয়েই সিবিআই শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি, কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। কিন্তু, কিছুই জানাচ্ছে না।” সিবিআইয়ের ভূমিকায় তাঁরা হতাশ বলে জানালেন। তবে আস্থা এখনই হারাচ্ছেন না তাঁরা।
তিলোত্তমার মা বলেন, “মেয়েকে কেন মারা হয়েছে, আজও জানতে পারলাম না। এটা না জেনে বেঁচে থাকার কোনও মানে হয় না।” মেয়ের ন্যায়বিচার পাওয়াই এখন তাঁদের লক্ষ্য বলে জানালেন তিলোত্তমার বাবা-মা।
