Bidhannagar: শপিং মলে ঢুকে জামাকাপড়ের স্ট্যান্ডের আড়ালেই এই কুকীর্তি! গ্রেফতার তিন জুনিয়র ডাক্তার – Bengali News | Bidhannagar Three junior doctors arrested for cheating by entering shopping mall
বিধাননগর: তিন জনই জুনিয়র ডাক্তার। তাঁরাও নাকি অভিযুক্ত প্রতারণায়। কীরকম প্রতারণা? তদন্তে নেমে তো চক্ষু চড়কগাছ পুলিশের। ডাক্তারি পড়ুয়ারা প্রতারণার করতেন শপিং মলের জামাকাপড়ের দাম নিয়ে! অভিনব এই কায়দার প্রতারণার তদন্ত শেষ কবে করেছেন তদন্তকারীরা, তা ঠাওর করতে পারছেন না তাঁরা। বিধাননগর দক্ষিণ শাখার পুলিশের জালে আর ঠিক এক তরুণী সহ চার জন। যাঁদের মধ্যে তিনজন হোমিওপ্যাথি কলেজের জুনিয়র ডাক্তার বলে জানা গিয়েছে।
কীরকম প্রতারণা?
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের একটি শপিং মলে এই চার জন যান। সেখানে গিয়ে র্যাকে যে জামাকাপড় ঝোলানো থাকে, সেই কাপড়ের বার কোড স্টিকার তুলে দিয়ে নতুন স্টিকার লাগিয়ে দিত। এরপর সেই কাপড় নিয়ে কাউন্টারে দিয়ে কম দামে জামা কিনত। সল্টলেকের একটি শপিং মলে গিয়ে একই পদ্ধতি অবলম্বন করে যখন কাউন্টারে বিল করাতে যান, সেই সময় বিলিং সেকশনের কর্মীদের সন্দেহ হয়। তাঁরা দেখেন, যে জামা কাপড় তারা নিয়ে এসেছেন, তার দাম যা ছিল তার থেকে অনেক কম দাম দেখাচ্ছে।
তখনই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং তাঁদের আটকে রেখে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুরো বিষয়টি সামনে চলে আসে, এরপরেই বিধান নগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁদেরকে গ্রেফতার করা হয়।
