IND vs AUS: পন্থ-গিল-যশস্বীদের মনে তো… পিঙ্ক বল টেস্টের আগে তিন তরুণ তুর্কিকে নিয়ে যা বললেন রোহিত – Bengali News | Ahead of IND vs AUS Pink Ball test Rohit Sharma praised Yashasvi Jaiswal, Shubman Gill and Rishabh Pant for their approach
কলকাতা: সকল প্রজন্মের ক্রিকেটারদের মানসিকতা আলাদা হয়। ভারতের একঝাঁক তরুণ তুর্কির লড়াকু মানসিকতা টিমে অনেক পরিবর্তন এনেছে। অ্যাডিলেড টেস্টের আগে এমনটাই শোনা গিয়েছে টিম ইন্ডিয়ার (Team India) ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) কথায়। দিন-রাতের টেস্টের আগে ভারতের তিন তরুণ ক্রিকেটার শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের মানসিকতা নিয়ে ভূয়শী প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।
হিটম্যানের কথায়, ভয়ডরহীন ক্রিকেট খেলাটা পন্থ-গিলরা অভ্যেসে পরিণত করেছেন। গোলাপি বল টেস্টের আগে প্রেস কনফারেন্সে রোহিত শর্মা বলেন, ‘আজকালকার দিনের ছেলেরা ভয়ডরহীন। ওরা বেশি চাপ নেয় না। ব্যাগেজ থাকে না, শুটকেশ থাকে না (হাসতে হাসতে বলেন রোহিত)। চাপের কথা বলতে গেলে বিষয়টা আলাদা। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থরা আলাদা আলাদা প্রজন্মের ক্রিকেটার। আমরা অনেকেই রান করতে হবে ভেবে অতিরিক্ত চাপ নিয়ে নিই। প্রত্যেক প্রজন্ম আলাদা হয়। তাই তো বলছি এখনকার ছেলেরা অনেক আলাদা। আর সেটাই ওদের পক্ষে কাজ করে। আমি যখনই ওদের সঙ্গে কথা বলি, ওদের বোঝার চেষ্টা করি।’
দলের জয়ই তরুণ তুর্কিদের কাছে আসল। সেটা ফুটে ওঠে তাঁদের পারফরম্যান্সে। এমনটা উল্লেখ করে রোহিত বলেন, ‘ওদের মাথায় একটা জিনিসই ঘোরে। দলের হয়ে কী ভাবে ম্যাচ জেতা যায়। ওরা সেঞ্চুরি করার বিষয়ে ভাবে না। এ ভাবে ভাবলে বিষয়টা সহজ হয়। ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো হয়। জিততে চাইলে পারফর্ম করতে হবে, এটাই সোজা কথা। এটাই অটোমেটিক প্রক্রিয়া। যদি কারও প্রাথমিক ফোকাস থাকে দলকে জেতানো, তা হলে সেটা তাঁদের বড় স্কোরে নজরে পড়ে। প্রাথমিক লক্ষ্য বরাবই হওয়া উচিত একটা ম্যাচ জেতা। যদি ব্যাটে পারফর্ম করতে না পারে ওরা, তা হলে ফিল্ডিংয়ে বা বোলিংয়ে অবদান রাখার চেষ্টা করে। স্বাভাবিকভাবে এটাই ওদের মনে হয়।’