Hardik Pandya: ঈশান কিষাণকে ফেরাতে না পারার হতাশা, কী বলছেন হার্দিক পান্ডিয়া? – Bengali News | We knew it was difficult to get Ishan back from auction due to his skill set: Hardik Pandya
মুম্বই ইন্ডিয়ান্স এ বার পাঁচজনকে রিটেন করেছিল। এই তালিকায় ছিলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। লক্ষ্য ছিল ঈশান কিষাণকে ফেরানো। মেগা অকশনে তাঁকে ফেরাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘ সময় ধরেই মুম্বই ইন্ডিয়ান্সে খেলছিলেন ঈশান কিষাণ। ব্যক্তিগত ভাবেও তাঁর সঙ্গে দারুণ সম্পর্ক মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার। অকশনে সানরাইজার্স হায়দরাবাদ ১১.২৫ কোটিতে নিয়েছে ঈশান কিষাণকে। মন খারাপ ক্যাপ্টেন হার্দিকের। কী বলছেন?
সেই ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন ঈশান কিষাণ। দ্রুতই হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ সদস্য। আগ্রাসী ব্যাটিং, নির্ভরযোগ্য কিপার। মাঝে ২০২২ সালে হার্দিক পান্ডিয়া যোগ দিয়েছিলেন গুজরাট টাইটান্সে। গত সংস্করণে ট্রেডিংয়ে মুম্বইতে ফেরেন হার্দিক। আর এ বার নেই ঈশান। হতাশ এবং আবেগের বার্তা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে পোস্ট করা এক ভিডিয়ো বার্তায় হার্দিক বলেন, ‘ঈশান আমাদের টিমে সতেজ ভাব, স্ফূর্তি আনত। ওকে রিটেন করা যায়নি। তখনই জানা ছিল, ফেরানো খুব কঠিন হবে। ঈশানের যা দক্ষতা, ওকে নিতে যে অনেক দলই ঝাঁপাবে জানাই ছিল। ও সবসময় ড্রেসিংরুম মাতিয়ে রাখত।’
ড্রেসিংরুমে, মাঠে সব সময় ইতিবাচক পরিবেশ তৈরি করতেন ঈশান, সেটাই উঠে আসে হার্দিকের কথায়। মুম্বই অধিনায়ক আরও যোগ করেন, ‘ও যেভাবে সবাইকে ভালো বাসতো, ভালো রাখার চেষ্টা করত। সবটাই সহজাত। মুখে কেক মাখিয়ে দেওয়া। টিমের মেজাজ ফুরফুরে করে দিত। দল হিসেবে আমরা ওকে নানা ভাবেই মিস করব।’ ঈশানের জন্য স্পেশাল বার্তায় হার্দিক যোগ করেন, ‘ঈশান, তুমি সবসমই পকেট ডায়নামো থাকবে। খুব ভালোবাসি। সবাই তোমাকে খুব মিস করব।’
💌 𝓉ℴ 𝐼𝓈𝒽𝒶𝓃 #MumbaiMeriJaan #MumbaiIndians | @ishankishan51 pic.twitter.com/K1Gz5DKYUU
— Mumbai Indians (@mipaltan) December 1, 2024