Hardik Pandya: ৬ মাসে ভাগ্যবদল, আইসিসি অলরাউন্ডারদের সিংহাসনে হার্দিক পান্ডিয়া – Bengali News | Hardik Pandya reclaim ICC T20I all rounder ranking top spot
Hardik Pandya: ৬ মাসে ভাগ্যবদল, আইসিসি অলরাউন্ডারদের সিংহাসনে হার্দিক পান্ডিয়াImage Credit source: PTI FILE
কলকাতা: হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সময়টা বেশ ভালোই কাটছে। সদ্য আইসিসি পুরুষদের টি-২০ অলরাউন্ডারদের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারানকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন হার্দিক। এ বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে এই ফর্ম্যাটে হার্দিককে নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। তিনি ফর্মেও আছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের ৩-১ সিরিজ জয়ের পর হার্দিকের এই আইসিসি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওঠা টিম ইন্ডিয়ার জন্য বড় প্রাপ্তি। কারণ আইসিসি পুরুষদের টি-২০ অলরাউন্ডারদের তালিকায় প্রথম ১০ এ হার্দিক ছাড়া আর কোনও ক্রিকেটার নেই।
সদ্য শেষ হওয়া ৪টি টি-২০ ম্যাচের প্রোটিয়া সিরিজে হার্দিক ব্যাট হাতে করেন ৫৯ রান। যার মধ্যে বেরহায় ৩৯ রানের অপরাজিত ইনিংস হার্দিকের। আর এই সিরিজে তিনি নেন ২টি উইকেট। দেশের হয়ে ১০৯টি টি-২০ ম্যাচ খেলা হার্দিক ভারতের টি-২০ টিমের অন্যতম সেরা অস্ত্র। এ বার প্রোটিয়া সফরে ভালো পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন তিনি। আইসিসির প্রকাশিত টি-২০ পুরুষ অলরাউন্ডারদের ক্রমতালিকায় দুইধাপ উঠেছেন ভারতীয় তারকা অলরাউন্ডার। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ২৪৪।
গত ৬ মাসে হার্দিক পান্ডিয়া টি-২০ ক্রিকেটে দাপট দেখিয়েছেন। যে কারণে ভারতীয় ক্রিকেট মহলে বলা হচ্ছে, ৬ মাসে ফিরল হার্দিকের ভাগ্য। জুন মাসে টি-২০ বিশ্বকাপ জেতেন তিনি। আইসিসির মেগা টুর্নামেন্টে তিনি ১৫১.৬ স্ট্রাইকরেটে করেন ১৪৪ রান। নেন ১১টি উইকেট। কয়েকদিন আগে দেশের মাটিতে হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে সেরার পুরস্কার পান তিনি। আর এ বার তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হলেন।
এই খবরটিও পড়ুন
আইসিসি টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ৩৩ ধাপ উপরে উঠেছেন অভিষেক শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৫২। আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় বিরাট উন্নতি হয়েছে তিলক ভার্মার। ৬৯ ধাপ উঠে তিনি পৌঁছে গিয়েছেন তিনে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮০৬। ভারতের বর্তমান টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব একধাপ নীচে নেমেছেন। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন এই তালিকার চারে।