‘রোশনাই’ সিরিয়ালে বড় বদল!ধারাবাহিক ছাড়লেন নায়িকা অনুষ্কা? – Bengali News | Roshnai serial actress Anushka Goswani will not be seen in the serial anymore
২০২৪ সালের এপ্রিল মাসেই প্রথম ছোট পর্দায় এই জুটিকে দেখেন দর্শক। শুরুর দিকে টিআরপি তালিকাতেও প্রথমের দিকেই ছিলেন তাঁরা। কথা হচ্ছে ‘রোশনাই’ সিরিয়ালের। এই কাহিনির মাধ্যমেই প্রথম অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে নায়িকা হিসাবে দেখেন দর্শক। অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা যায় তাঁকে।
সাত মাস কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত। লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত এই সিরিয়ালে আর মুখ্য চরিত্রে দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কাকে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস ইতিমধ্য়েই অভিনেত্রী নাকি ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়ে দিয়েছেন। তবে অনুষ্কার পরিবর্তে নায়িকা হিসাবে কাকে জানা যাবে সে কথা এখনও জানা যায়নি। কিন্তু আচমকা কেন সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অনুষ্কা? নেপত্যে কি রয়েছে অন্য কোনও কারণ?
এ প্রসঙ্গে জানতে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। তিনি না করেননি। অভিনেত্রী বলেন, “হ্যাঁ,একদম ঠিক কথা। আমি এনওসি দিয়ে দিয়েছি। রোশনাই চরিত্রে আমি আর অভিনয় করব না। চিকিত্সক আমায় বিশ্রামে থাকতে বলেছেন। তাই এই মুহূর্তে আমার পক্ষে সিরিয়ালের শুটিং করা সম্ভব নয়।” অনুষ্কা জানান, তাঁর কী হয়েছে? সেটা একান্তই ব্যক্তিগত। তিনি প্রকাশ্যে সে কথা বলতে চান না। এখন প্রশ্ন তাহলে রোশনাই চরিত্রে দেখা যাবে কোন নায়িকাকে? স্টুডিয়ো পাড়ায় ফিসফাস নায়িকা হওয়ার দৌড়ে রয়েছেন অনেকেই। কিন্তু এখনও চূড়ান্ত কিছু হয়নি।