Bardhaman: মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ, বর্ধমানে গ্রেফতার যুবক – Bengali News | One Person Accused to Physically Harassed A physically challenge woman in Bardhaman
বর্ধমান সিজেএম আদালতImage Credit source: Tv9 Bangla
ভাতার: মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ। এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। ধৃতের বাড়ি ভাতার থানা এলাকায়। রবিবার সন্ধেয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার থানা এলাকাতেই নির্যাতিতা মহিলার বাড়ি। রবিবার ভোররাতে তিনি বাড়ির বাইরে শৌচকর্ম করতে যান। দীর্ঘক্ষণ তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হন। ভোর চারটে নাগাদ তাঁকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় তাঁকে বসে থাকতে দেখেন পরিবারের লোকজন। আর অভিযুক্তকে সেখান থেকে দৌড়ে পালাতে দেখেন।
বাড়ি ফেরার পর মহিলা আকারে-ইঙ্গিতে তাঁর উপর হওয়া পাশবিক অত্যাচারের কথা জানান। এরপরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার সময়ে মহিলার পরিহিত পোশাক পুলিশ বাজেয়াপ্ত করেছে। যদিও, এই বিষয়ে নির্যাতিতার পরিবার ক্যামেরার সামনে কোনও রকমভাবে মুখ খুলতে চায়নি।
