Accident: দুমড়ে গুড়িয়ে গেল পুলকার, গাড়িতে তখনও স্কুলপড়ুয়া, ধাপায় ভয়ঙ্কর দুর্ঘটনা – Bengali News | Accident school student driver seriously injured in dhapa poolcar accident
পুলকার দুর্ঘটনা… Image Credit source: TV9 Bangla
কলকাতা: ধাপায় দুর্ঘটনার কবলে পুলকার। একটি ট্রেলারে ধাক্কা মেরে রাস্তার পাশে ফাঁকা জমিতে ঢুকে যায় পুলকারটি। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গুড়িয়ে গিয়েছে পুলকার। গুরুতর জখম পুলকার চালক ও এক স্কুল পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় আহতদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলকারটি বাইপাসের দিক থেকে ধাপার দিকে যাচ্ছিল। ধাপা রোডে রাস্তার ডান দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার ডান দিকে দাঁড় করানো একটা ট্রেলারের পিছনে গিয়ে ধাক্কা মারে পুলকারটি। এতটাই জোরে ধাক্কা লাগে, তাতে দুমড়ে মুচড়ে যায় গাড়ির বাঁদিকের অংশ।
পুলকার ঘুরে গিয়ে পাশে জমিতে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে চালক ছাড়াও দুজন পড়ুয়া এক জন মহিলা ছিলেন। যদিও পুলিশের দাবি, এক জন পড়ুয়া আহত হয়েছে। ট্রেলারটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রসঙ্গত, দুদিন আগে সল্টলেকে দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের।
