ডাবিং-এ ব্যস্ত রশ্মিকা, ‘পুষ্পা ২’-র প্রথম ভাগ দেখেই জানিয়ে দিলেন ‘ছবি…’ – Bengali News | Rashmika Mandanna dubs for Pushpa 2 what she said
আর মাত্র কয়েকটা দিন বাকি। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি ‘পুষ্পা ২’। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এই চরিত্রের স্টাইল থেকে শুরু করে সিগনেচার স্টেপ, সবটাই আট থেকে আশি রপ্ত করে বসে রয়েছে। আর সেই থেকেই চলছে অপেক্ষা, কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ? অতীতে একের পর এক তারিখ সামনে এলেও ছবি মুক্তি নিয়ে কিছুতেই যেন কাটছিল না ধোঁয়াশা। অবশেষে কয়েকদিন আগেই সুখবর শুনিয়েছেন আল্লু অর্জুন। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবি। হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ। বহুদিন থেকেই এই ছবির প্রথম দিনে-প্রথম শো দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর তাতেই নাকি বাজিমাত করতে চলেছেন পর্দার ‘পুষ্পা’। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এই ছবি প্রথমদিনেই ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে।
তবে এবার পুষ্পা ২ কি পুষ্পার খ্যাতি ছাপিয়ে যেতে পারবে? কেমন তৈরি হচ্ছে ছবি, সবটাই ফাঁস করলেন ছবির নায়িকা রশ্মিকা মন্দানা। বর্তমানে তিনি ছবির ডাবিং-এ ব্যস্ত। ছবির প্রথমার্ধের ডাবিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। আর সেটুকু দেখেই এবার ছবির নিয়ে কী মন্তব্য করলেন পর্দার শ্রীভল্লি? ডাবিং রুম থেকেই একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, সেখানে লিখলেন, এবার খেলা ও মজা শেষ। এবার ব্যবসার পালা। অর্থাৎ- ১ পুষ্পা ছবির শুট প্রায় শেষ। ২ প্রথমার্ধের ডাবিং পর্ব শেষ, ৩ দ্বিতীয়ার্ধের ডাবিং করছি আমি। ভগবান, ছবির প্রথম অংশ দারুণ, দ্বিতীয় অংশ তার থেকেও বেশি সুন্দর। সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না।