Purba Medinipur:‘আরজি কর করে দেব’! ক্লাস ফাইভের ছাত্রের ‘হুমকি’, স্কুলে ‘তাণ্ডব’ মেয়ের বাড়ির লোকজনের, বেধড়ক মার শিক্ষককে – Bengali News | Class V student accused of threatening classmate with dirty language, tension in Panskura
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
পাঁশকুড়া: ‘আরজি কর করে দেব’, হ্যাঁ ক্লাসে দাঁড়িয়ে ক্লাসেরই এক ছাত্রীকে এই ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই এক সহপাঠীর বিরুদ্ধে। কথা কাটাকাটি থেকে হাতাহাতি, সবই চলে। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। ঘটনা মঙ্গলবারের। সূত্রের খবর, পরিবারের লোকজন এসে ছেলেটিকে বকাঝকা করে মিটিয়েও নেয়। কিন্তু, তখনও রয়ে গিয়েছে রেশ।
এদিন দুপুরের দিকে স্কুলে চড়াও হয় মেয়েটির পরিবারের লোকজন। কেন ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও অ্যাকশন নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অভিযোগ, স্কুলের শিক্ষকদের মারধরও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়ায় এলাকায়। উত্তেজনার আবহেই স্কুল ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা।
এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনায় আক্রান্ত শিক্ষক সুব্রত কুন্ডু বলেন, “আমাকে দু’জন মেরেছে। আমার কাঁধে লেগেছে। স্কুলের ভিতরেই মেরেছে। এখন স্কুল যা অ্য়াকশন নেবে আমি তার সঙ্গে রয়েছি। আমি চাই অভিভাবকরা এ ধরনের কাজ করার আগে একটু ভাবুক। একটু সচেতন হোক।” ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক পলাশ সাউ বলেন, “স্কুলেরই দু’জন ছাত্র ছাত্রীদের অত্যন্ত খারাপ কথা বলেছে। আমরা শোনা মাত্রই ওদের ধমক দিই। যদিও তারপর মেয়েগুলির বাড়ির সদস্যরা লোকজন নিয়ে স্কুলে আসে। ছেলে দু’টিকে ডাকা হয়। মারধরও করে। যদিও তারপর মীমাংসা হয়ে যায়। এদিন আবার স্কুলে মেয়েগুলির পরিবারের লোকজন আসে। ঝামেলা শুরু হয়ে যায়। আমি তখন স্কুলে ছিলাম না। তখনই বাইরের কিছু লোকজন এসে আমাদের স্কুলের এক সহ শিক্ষককে মারধর শুরু করে দেয়। পাশের স্কুলের কিছু শিক্ষক এসে ওনাকে উদ্ধার করেন।”