BJP on TMC: ভোটদানের ছবি তুলে দেখালেই….’, ভোটের আগের রাতে তৃণমূলের বিরুদ্ধে কমিশনে ‘বোমা’ বিজেপির – Bengali News | BJP made serious allegations against Trinamool on the night before the by elections to the Election Commission
বাঁকুড়া: রাত পোহালেই তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনের আগেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার। সুভাষ সরকারের দাবি, নির্বাচনের আগের দিন তৃণমূল ভোটারদের ফিস্ট করার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু, রয়েছে শর্ত। ভোটদানের ছবি তুলে এনে দেখাতে হবে তৃণমূল নেতাদের। তারপরই দেখাতে তৃণমূল নেতাদের। তবেই মিলবে খাওয়া-দাওয়ার টাকা। যদিও সুভাষ সরকারের এই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপিকেই দুষছে তৃণমূল।
এদিকে ভোট শুরুর একদিন আগে ফের নির্বাচন বিজেপি নেতারা কমিশনের দ্বারস্থ হওয়ায় তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার জানাচ্ছেন, টেলিফোনে অভিযোগ জানানো হয়েছে নির্বাচনী পর্যবেক্ষককে। তাঁর আরও দাবি, তাঁর অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন নির্বাচনী পর্যবেক্ষক। বিষয়টি নিয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
একইসঙ্গে মন্ত্রীর আরও দাবি, ভোটদানের ভিডিয়ো বা ছবি তোলা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোটাররা যাতে এই প্রলোভনে পা না দেন তার জন্য এলাকায় মাইক প্রচারের আবেদন জানানো হয়েছে কমিশনকে। এদিকে বিজেপি এই অভিযোগ সামনে আনতেই অভিযোগ উড়িয়ে বিজেপিকে পাল্টা একহাত নিয়েছে ঘাসফুল শিবির। চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন তালডাংরার তৃণমূল প্রার্থী। তাঁর কটাক্ষ, ওই সংস্কৃতি বিজেপিরই। তৃণমূল মানুষকে নিয়ে ৩৬৫ দিন উন্নয়নের কাজ করে থাকে। তাই তৃণমূলের আর আলাদা করে ফিস্ট দেওয়ার প্রয়োজন হয় না।