Modi calls Trump: ‘বন্ধু’ জিততেই ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী, কী কথা হল ট্রাম্পের সঙ্গে? – Bengali News | PM Modi, US President Elect Donald Trump Hold Telephone Call, Discuss India US Relations
ট্রাম্পের প্রথম মেয়াদেই, মোদীর সঙ্গে গড়ে উঠেছিল প্রগাঢ় বন্ধুত্ব (ফাইল ছবি)Image Credit source: PTI
নয়া দিল্লি: সরকারিভাবে এখনও ঘোষণা না করা হলেও, দিনের আলোর মতো স্পষ্ট, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে, তাঁর এই দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দুই রাষ্ট্রনেতার প্রগাঢ় বন্ধুত্বের কথা সকলেই জানে। ‘হাউডি, মোদী’ বা ‘নমস্তে ট্রাম্পে’র মতো হাই প্রোফাইল অনুষ্ঠানে সেই বন্ধুত্বের রসায়ন ধরাও পড়েছে। বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী), সরাসরি মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিতকে ফোন করে কথা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার।
এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ফোনকলের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, তাঁদের মধ্যে দুর্দান্ত কথোপকথন হয়েছে। ‘বন্ধু’ ট্রাম্পকে বলেছেন, ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা দুর্দান্ত কথোপকথন হয়েছে। তাঁকে তাঁর দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আবার একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”