Paneer Tandoori Recipe: এইভাবে রেঁধে দেখুন পনির তন্দুরি! মাছ-মাংস ছেড়ে নিরামিষ খানাই চেটেপুটে খাবে সকলে – Bengali News | Delicious paneer tandoori recipe to cook at home
পনির আর তন্দুরি দুটিই কিন্তু বাঙালিদের কাছে বেশ পছন্দের বিষয়। যদি এই দুটি মিলে মিশে যায় তাহলে তো কথাই নেই। যাঁরা নিরামিষ খেতে বেশি পছন্দ করেন, এই পদ তাঁদের কাছে আরও বেশি লোভনীয়। তবে পনির তন্দুরি খেতে হলে যে সব সময় দোকানেই যেতে হবে এমন কোনও কথা নেই। বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন পনির তন্দুরি। রইল রেসিপি।
উপকরণ –
পনির – ৪০০ গ্রাম
তেল – ১/৪ কাপ
নুন – স্বাদ মতো
ধনে পাতা – ১ কাপ
আদাবাটা – ২ চামচ
রসুনবাটা – ১ চামচ
মাংসের মশলা – ২ চামচ
টক দই – ১ কাপ
কসুরি মেথি গুঁড়ো – ১ চামচ
এই খবরটিও পড়ুন
প্রণালী –
প্রথমে পনিরকে ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার পনিরের টুকরোগুলিতে আদাবাটা, রসুনবাটা, দই, মাংসের মশলা আর কসুরি মেথি দিয়ে ভাল করে ম্যারিনেট করে ২০ মিনিট রেখে দিন।
ম্যারিনেট করা হয়ে গেলে তন্দুরে বসিয়ে দু’দিক থেকে ভাল ভাবে গ্রিল করে নিন। এবার একটি পাত্রে তেল নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তাতে কিছু পেঁয়াজ দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ঝাঁকান।
খানিকটা আদা আর রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। আঁচ কমিয়ে তার মধ্যে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলি দিয়ে দিন। জল দিয়ে ভাল করে নাড়ুন। তার পর ঢাকা দিয়ে রেখে দিন আঁচে। ক্রমে যখন পুরো রান্নাটা গ্রেভি মতো হয়ে যাবে, তখন আরও কিছুটা কসুরি মেথি হাতে নিয়ে গুঁড়ো করে ভাল করে মিশিয়ে নিন।
ব্যস তৈরি আপনার পনির তন্দুরি। এবার রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করলেই হবে। সঙ্গে উপর থেকে অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দিন। তাহলেই স্বাদ বেড়ে যাবে আরও কয়েকগুণ।