শান্তিতে আছি, জীবনে ডিভোর্সের চ্যাপ্টারটাই ভুলে যেতে চাই: নবনীতা – Bengali News | Nabanita opens up about her future planning after divorce with Jeetu Kamal
তাঁকে এত দিন ধরে সম্পূর্ণ অন্য লুকে দেখে অভ্যস্ত। পুরোপুরি ভোল বদলে ফেললেন অভিনেত্রী নবনীতা দাস। ২০২৩ সালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল নবনীতা এবং জীতু কমলের নাম। আচমকাই নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন বিচ্ছদের কথা। যদিও এপ্রসঙ্গে জীতু কোনও দিনই কোনও মন্তব্য করেননি।
প্রায় একবছর হয়ে গেল তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন কেমন আছেন, কী করছেন নবনীতা? মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে চুল কেটে একেবারে ঘাড়ের কাছে ছোট করে দিয়েছেন তিনি। TV9 বাংলার তরফে যোগাযোগ করলে অভিনেত্রী জানান কোনও চরিত্র বা কোনও কাজের জন্য নয়, তিনি সম্পূর্ণ নিজের জন্য নিজের লুকে পরিবর্তন এনেছেন।
নবনীতা বললেন, “নিজের জন্য চুল কেটে লুকে পরিবর্তন এনেছি।” সেই সঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল নিজের জীবনটা কী ভাবে গোছানোর চেষ্টা করছেন তিনি? নবনীতা বললেন, “প্রায় এক বছর হয়ে গেল আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমি আর ডিভোর্সের চ্যাপ্টার মনেই করতে চাই না। আমি ভুলে গিয়েছিল এমন কিছু ঘটেছিল। আমার আশেপাশে যাঁরা আছেন তাঁরাও কেউ এই বিষয়টা নিয়ে আলোচনা করেন না। তাই আমিও মনে রাখতে চাই না। বরং এখন অনেকটা শান্তিতে আছি। নিজেকে সময় দিতে চাই। নিজেকে আরও নতুন ভাবে গড়তে চাই। এখন অভিনয়ের ধারা বদলেছে। কাজের প্রক্রিয়া পরিবর্তন হয়েছে। তাই নিজেকে সে ভাবে গ্রুমিং করতে চাই।” আপাতত নিজেকে নতুন ভাবে তৈরি করার প্রস্তুতি নিতেই ব্যস্ত অভিনেত্রী।