কাঞ্চন আবার বাবা হয়েছে,শুনেই প্রাক্তন বউ পিঙ্কি বললেন… – Bengali News | Kanchan Mullick’s ex wife Pinky Banerjee’s reaction after she got to know about Kanchan’s daughter
দ্বিতীয় বার বাবা হলেন কাঞ্চন মল্লিক। মেয়ে হয়েছে শ্রীময়ী চট্টরাজের। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সকলকে জানিয়ে দিলেন সুখবরটা। কৃষভি এসেছে তাঁদের জীবনে। বিয়ের ১০ মাসের মধ্যেই সুখবর। কাঞ্চনের দ্বিতীয়বার বাবা হওয়ার খবর শুনে কী বললেন তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়? চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে কাঞ্চনের। তারপরেই শ্রীময়ীকে বিয়ে করেন তিনি।
তৃণমূল বিধায়কের মেয়ে হওয়ার খবর প্রথম TV9 বাংলার তরফেই দেওয়া হয় পিঙ্কিকে। সেই মুহূর্তে সদ্য তিনি ফিরেছেন কাজ থেকে। খবর শুনেই খুশি কাঞ্চন প্রাক্তন। পিঙ্কি বললেন, “আমি খুব খুশি। অনেক শুভেচ্ছা গোটা পরিবারকে।” পিঙ্কি যোগ করেন, “মা এবং মেয়ে দুজনেই যেন সুস্থ থাকে।” কাঞ্চনের আগের পক্ষের একটি ছেলেও আছে। পিঙ্কির দাবি, “এই খবর ওশের উপর কোনও ভাবেই প্রভাব ফেলবে না।”
উল্লেখ্য, মেয়ে হওয়ার পর কাঞ্চন বলেছেন,“আই অ্যাম ভেরি সরি। বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আজ শ্রীময়ীর কিছু অসুবিধে দেখা দেয় আচমকাই।চিকিৎসক জানান আজই সিজার করতে হবে। আর দেরি করিনি। মেয়ে হয়েছে আমাদের। আমরা মেয়েই চেয়েছিলাম। কালীপুজোর সময়েই ঘরে কন্যা এল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”
কাঞ্চন জানিয়েছেন মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাউকে কিচ্ছুটি না জানিয়ে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের এই চর্চিত কাপল। এর ঠিক কিছু দিন পরেই গত ২ মার্চ সামাজিক বিয়েও সম্পন্ন হয়েছিল তাঁদের। মাত্র সাড়ে আট মাসের মধ্যেই দুই থেকে তিন হলেন তাঁরা। খুশি যেন ধরছে না আর।