IND vs NZ: ফোকাস নষ্ট করছেন সরফরাজ, আম্পায়ারের কাছে নালিশ করতেই ঝাঁপিয়ে পড়লেন রোহিত – Bengali News | Umpire gave warning to Sarfaraz Khan after Mitchell complaints, Rohit Sharma involved into this matter during IND vs NZ 3rd Test
IND vs NZ: ফোকাস নষ্ট করছেন সরফরাজ, আম্পায়ারের কাছে নালিশ করতেই ঝাঁপিয়ে পড়লেন রোহিত
Image Credit source: X
কলকাতা: বাইশ গজে স্লেজিং নতুন ঘটনা নয়। টেস্ট ক্রিকেটে এর মাত্রাটা বরাবরই বেশি দেখা যায়। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা অনেক সময় চান ক্রিজে থাকা ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে। মুম্বইতে চলছে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টেস্ট। স্বাভাবিকভাবেই সেখানে কিউয়ি ব্যাটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মাঝে লাঞ্চ বিরতির পর সরফরাজ খানকে (Sarfaraz Khan) সতর্ক করেন আম্পায়ার। যা দেখে চুপ থাকেননি ভারত অধিনায়ক। তড়িঘড়ি আসরে নেমে পড়েন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু কেন সরফরাজকে সতর্ক করলেন আম্পায়ার?
ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের লাঞ্চ বিরতির পর ঘটে ঘটনাটি। ৩২তম ওভারে সরফরাজ খানকে সতর্ক করেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। আসলে নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারেল মিচেল আম্পায়ারের কাছে নালিশ করেন সরফরাজকে নিয়ে। মিচেল জানান, শর্ট লেগে ফিল্ডিংরত সরফরাজ বিড়বিড় করছেন বলে তাঁর মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে। তখন ২৮ বলে ১১ রানে ছিলেন মিচেল।
এই খবরটিও পড়ুন
কিউয়ি ক্রিকেটারের অভিযোগ পেয়ে আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ যখন সরফরাজের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় এগিয়ে আসেন রোহিত শর্মা। তিনি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন, তাঁর সতীর্থ কোনও ভুল করেননি। ক্ষণিকের মধ্যে সেখানে বিরাট কোহলিও এসে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার সময়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আম্পায়ারের সঙ্গে কথা বলার পাশাপাশি ড্যারেল মিচেলের সঙ্গেও কথা বলেন রোহিত।