PM Narendra Modi: শীঘ্রই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ‘এক দেশ, এক নির্বাচন’ কবে থেকে? জানালেন প্রধানমন্ত্রী – Bengali News | PM Narendra Modi Says Uniform Civil Code, One Nation, One Election Will be Implemented Soon
কেভাদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI
আহমেদাবাদ: সর্দার বল্লভ ভাই পটেলের ১৪৯ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী মোদীর। গুজরাটে ‘স্ট্যাচু অব ইউনিটি’-তে পুষ্পার্ঘ্য দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। জানালেন শীঘ্রই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে চলেছে। পাশাপাশি ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী।
গুজরাটের কেভাদিয়ায় একতা দিবসের অনুষ্ঠানে সামিল হয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এবারে একদিকে যেমন আমরা জাতীয় ঐক্য দিবস পালন করছি, একইসঙ্গে দীপাবলিও উদযাপন করা হচ্ছে।”
“এক দেশ, এক নির্বাচনে”র প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা এক দেশ, এক নির্বাচনের উপরে কাজ করছি, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, দেশের সম্পদের যথাযথ ব্যবহারে সাহায্য করবে। এবং উন্নত ভারতের স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে। আজ ভারত এক দেশ, এক অভিন্ন দেওয়ানি বিধি তৈরির লক্ষ্য়েও এগোচ্ছে। দেশের সমস্ত নির্বাচনকে একই দিনে বা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করাই এক দেশ, এক নির্বাচনের লক্ষ্য। শীঘ্রই এটি বাস্তবে রূপান্তরিত হবে।”
প্রসঙ্গত, চলতি বছরই ক্যাবিনেটে পাশ হয় এক দেশ, এক নির্বাচন প্রস্তাবনা। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এই প্রস্তাবনা পেশ করা হবে।
৩৭০ অনুচ্ছেদ নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালে কেন্দ্রের তরফে সংবিধানের এই অনুচ্ছেদ অবলুপ্ত করে দেওয়া হয়, যার জেরে বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। এ দিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজীবনের জন্য ৩৭০ অনুচ্ছেদ মাটি চাপা পড়ে গিয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরে দেশে একটিই সংবিধান থাকার প্রস্তাবনা সফল হয়েছে। এটাই সর্দার সাহেবের প্রতি আমার সবথেকে বড় শ্রদ্ধার্ঘ্য। ৭০ বছর ধরে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান গোটা দেশ জুড়ে কার্যকর ছিল না। যারা সংবিধান নিয়ে সবথেকে বেশি গলা ফাটায়, তারাই সংবিধানকে সবথেকে বেশি অপমান করেছে।”
