UPI in Maldives: ভারতের ইউপিআই চালু করে ‘ইন্ডিয়া আউট’? নিজের জালে নিজেই ফাঁসলেন মুইজ্জু – Bengali News | Muizzu introduces India’s UPI to boost Maldives’ economy, financial transactions
মলদ্বীপে ইউপিআই চালু করলেন মুইজ্জু Image Credit source: PTI
মালে: মাথা নোয়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু। এবার আর্থিক লেনদেন বাড়াতে এবং তাঁর দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে, ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর শরণাপন্ন হলেন তিনি। ‘ইন্ডিয়া আউট’-এর ডাক দিয়ে রাষ্ট্রপতি হওয়া মুইজ্জু, রবিবার (২০ অক্টোবর), মলদ্বীপে ইউপিআই পরিষেবা চালুর ঘোষণা করেছেন। আগেই তাদের দেশে ইউপিআই চালুর সুপারিশ করেছিল মলদ্বীপ মন্ত্রিসভা। এক বিবৃতিতে মহম্মদ মুইজ্জুর কার্যালয় থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভা অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রকের একটি প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। তাদের আশা, ভারতের ইউপিআই, মলদ্বীপের আর্থিক উন্নয়ন, লেনদেনের দক্ষতা এবং ডিজিটাল পরিকাঠামোকে উন্নত করবে।
ইউপিআই বাস্তবায়নের সুবিধার্থে, মুইজ্জু সরকার একটি কনসোর্টিয়াম প্রতিষ্ঠা করবে বলে জানা গিয়েছে। এই কনসোর্টিয়ামের মধ্যে ব্যাঙ্ক, টেলিকম সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ এবং মলদ্বীপে কার্যরত ফিনটেক সংস্থাগুলি রয়েছে। ‘ট্রেডনেট মলদ্বীপ কর্পোরেশন লিমিটেড’কে কনসোর্টিয়ামের নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে।
শুধু ইউপিআই নয়, আধার, মডুলার ওপেন সোর্স আইডেন্টিটি প্ল্যাটফর্ম বা এমওএসআইপি, ডিজিলকারের মতো ভারতীয় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারগুলিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিত চাইছে নয়া দিল্লি। বিদেশ মন্ত্রকের মতে, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ভারত এবং অন্যান্য দেশে আরও ডিজিটাল রূপান্তর আনবে।
চলতি মাসের শুরুতেই ভারত সফরে এসেছিলেন মহম্মদ মুইজ্জু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করেছিলেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছিল। মুইজ্জুর সফরের সময়ই, দুই দেশ ডিজিটাল ও আর্থিক পরিষেবা বাস্তবায়নে দক্ষতা ভাগ করে নেওয়া এবং ইউপিআই, গতি শক্তি প্রকল্প এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা চালু করার মাধ্যমে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সহযোগিতা করতে সম্মত হয়েছিল। তার এক মাসের মধ্যেই মলদ্বীপে ইউপিআই চালুর ঘোষণা করল মুইজ্জু সরকার।
