Physical Abuse: মেয়ের দিকে কুনজর, ধর্ষণের চেষ্টার অভিযোগ! স্ত্রীর অভিযোগ ভিত্তিকে বাবাকে ধরল পুলিশ – Bengali News | Police arrested the father who accused the daughter of physical abuse
শক্তিগড়: আরজি কর থেকে কৃষ্ণনগর, জয়নগর, একের পর এক ভয়াবহ নারী নির্যাতনের খবর, কিন্তু হুঁশ ফিরছে কোথায়? এবার ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ একেবারে বাবার বিরুদ্ধে। গ্রেফতার কর পুলিশ। স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকায়। স্ত্রীর অভিযোগের পর এদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এলাকা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে প্রচুর মদ খেয়ে বাড়ি ফেরেন অভিযুক্ত ব্যক্তি। বাড়িতে এসেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি শুরু করে দেন। কিছু সময় পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাঁর স্ত্রী কোনও কাজে বাড়ির বাইরে যান। অভিযোগ, সেই সুযোগেই ঘরে ঢুকে নিজের মেয়েরই ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। এদিকে বাড়িতে তখন ছিল কিশোরীর ঠাকুমা। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করতেই বাড়ি ছেড়ে চম্পট দেন ওই ব্যক্তি। ৪০ বছরের ওই ব্যক্তি পেশায় আবার তিনি দিনমজুর।
এদিকে ঘটনার কথা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। রাতেই নির্যাতিতার মা শক্তিগড় থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে তোলা হয় বর্ধমান আদালতে। অভিযোগ, প্রায় প্রতিদিনই মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করতেন ওই ব্যক্তি। আগে বেশ কয়েকবার পুলিশের হাতে পাকড়াও হয়েছিলেন তিনি।