Kolkata Derby: আইএসএলে মরসুমের প্রথম কলকাতা ডার্বি, দাপুটে জয় মোহনবাগানের - Bengali News | Indian Super League: Mohun Bagan SG vs Mohammedan SC season's first Kolkata derby at VYBK Report - 24 Ghanta Bangla News
Home

Kolkata Derby: আইএসএলে মরসুমের প্রথম কলকাতা ডার্বি, দাপুটে জয় মোহনবাগানের – Bengali News | Indian Super League: Mohun Bagan SG vs Mohammedan SC season’s first Kolkata derby at VYBK Report

Spread the love

ইন্ডিয়ান সুপার লিগে এই প্রথম মুখোমুখি হল মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং। এ বারই প্রথম আইএসএল খেলছে সাদা-কালো ব্রিগেড। মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে দাপুটে জয় মোহনবাগানের। কিছুটা হলেও স্বস্তি পেলেন হোসে মোলিনা। তেমনই নিজের প্লেয়ারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাও তৈরি করে দিলেন। কলকাতার দুই ঐতিহ্যশালী ক্লাবের ম্যাচ ঘিরে যে উন্মাদনা, উত্তেজনা থাকবে, এটাই প্রত্যাশিত। যুবভারতী ক্রীড়াঙ্গনে পুরোপুরিই ডার্বির মেজাজ। কিছুটা হলেও স্নায়ুর চাপে ভুগল মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় মোহনবাগান। শেষ অবধি এই স্কোরলাইনই থাকল।

ইস্টবেঙ্গল ছন্দে নেই। মোহনবাগানের পারফরম্যান্সও ব্যাপক ওঠা নামা করছিল। সবচেয়ে অস্বস্তির, এ মরসুমে ক্লিনশিট রাখতে পারছিল না গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান। অন্যদিকে, প্রথম আইএসএলে প্রত্যাশা মতোই ভালো পারফর্ম করছে মহমেডান। প্রথম ম্যাচেই তারা পয়েন্ট নিতে পারত। ইনজুরি টাইমে গোল খেয়ে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও ইনজুরি টাইমে গোল, এক পয়েন্ট তুলেছিল মহমেডান। গত ম্যাচে চেন্নাইয়ের মাঠে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল। তবে আইএসএলের অন্যতম সফল দল মোহনবাগানের বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না।

ম্যাচের প্রথমার্ধে তিন গোল মোহনবাগানের। এর মধ্যে দুটি গোল সেটপিস থেকে। ৮ মিনিটে লিস্টন কোলাসোর ভাসানো কর্নারে হেড করেন গ্রেগ স্টুয়ার্ট। ডান দিকেই অপেক্ষায় ছিলেন জেমি ম্যাকলারেন। দুরন্ত হেডারে প্রথম আইএসএল গোল মোহনবাগানের নতুন তারকা জেমি ম্যাকলারেনের। ম্যাচের ৩১ মিনিটে আবারও সেট পিস, ফলও একই। গ্রেগ স্টুয়ার্টের ফ্রি-কিকে হেডে গোল ক্যাপ্টেন শুভাশিসের।

অনবরত আক্রমণে দিশেহারা ছিল মহমেডান ডিফেন্স। প্রতিপক্ষ টিমের নাম এবং প্লেয়ারদের অভিজ্ঞতা যেন স্নায়ুর চাপে ফেলেছিল মহমেডান স্পোর্টিং ফুটবলারদের। ৩৬ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের অনবদ্য গোলে প্রথমার্ধেই ৩-০ করে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে তুলনামূলক প্রতিরোধ গড়েছে মহমেডান স্পোর্টিং। আইএসএলে প্রথম ডার্বির স্বাদ তেতো হলেও, নবাগত হিসেবে প্রশংসনীয় পারফরম্যান্স।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *