NIA: সোদপুরের মানবাধিকার কর্মী থেকে শুরু করে আসানসোলে যাদবপুরের প্রাক্তনী, ছত্তীসগঢ়ের নাশকতায় বাংলার ৭ জায়গায় NIA তল্লাশি – Bengali News | Nia NIA searches at 7 places in Bengal in Chhattisgarh sabotage
বাংলার সাত জায়গায় এনআইএ তল্লাশিImage Credit source: TV9 Bangla
কলকাতা: ছত্তীসগঢ়ের একটি মাওবাদী নাশকতা এবং মাওবাদী সংগঠন সংক্রান্ত তদন্তে রাজ্যের ৭ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। মাওবাদী নাশকতার তদন্তে মঙ্গলবার ভোর থেকেই তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলছে বারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর ও জগদ্দলের।
প্রসঙ্গত, ছত্তীসগঢ়ের মাওবাদী নাশকতার ফান্ডিং ও সংগঠন সংক্রান্ত তদন্তে নেমে এ রাজ্যের সাত জায়গার নাম আতস কাচের নীচে এসেছে। তার ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। সোদপুরের পল্লিশ্রী এলাকায় মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তী ও মানবেশ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চলছে। আসানসোলের দুটি জায়গায় তল্লাশি চলছে। একজনের নাম অভিজ্ঞান সরকার, যিনি মূলত গবেষক হিসাবেই পরিচিত। যাদবপুরের এই প্রাক্তনী এর আগে সিঙ্গুর আন্দোলনেও যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে দেউচা পাচামি আন্দোলনের সময়েও তাঁকে দেখা গিয়েছিল। অন্যদিকে সুদীপ্তা পাল, তিনিও একজন মানবাধিকার কর্মী। তাঁর বাড়িতেও তল্লাশি চলছে।
এনআইএ আধিকারিকদের দাবি, তাঁদের প্রত্যেকের সঙ্গেই মাওবাদী অর্গানাইজেশনের যোগ রয়েছে। আর্বান নকশাল হিসাবে তাঁদেরকে অভিহিত করছে এনআইএ। তাঁদের সঙ্গে ছত্তীসগঢ়ের এই নাশকতার কী যোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত তাঁদের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে আহত হন সিআরপিএফ জওয়ান। আহতরা রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সময়ে সিআরপিএফের ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। তখনই তাঁরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দেখতে পান। তাঁরা নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন, তখনই বিস্ফোরণ হয়।
