182 killed in Lebanon: ইজরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন, কয়েক ঘণ্টায় মৃত ১৮২ – Bengali News | At least 182 people killed in Israeli Strikes, Says Lebanon
ইজরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন
বেইরুট: চারিদিকে মৃতদেহ ছড়িয়ে। মৃতদের মধ্যে শিশু, মহিলারাও রয়েছেন। সোমবার ইজরায়েলের হামলায় লেবাননে কমপক্ষে ১৮২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০ জনের বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক সোমবার এই তথ্য জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এদিন দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় হামলায় চালায় ইজরায়েল। মুহূর্মুহু বোমাবাজি করে। ইজরায়েলের হামলা থেকে শিশু ও মহিলারাও বাদ যায়নি। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে সোমবার সকাল থেকে হামলা শুরু করে ইজরায়েল।
এদিন ইজরায়েলের তরফে লেবাননের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, অস্ত্র মজুত রয়েছে, এমন এলাকা থেকে দ্রুত সরে যান। ইরানের মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গিরা অস্ত্র মজুত করেছে, এমন এলাকা থেকে সরে যেতে বলা হয়। তারপরই শুরু হয় হামলা।
লেবানন প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, প্রায় ৮০ হাজারের বেশি ফোন আসে ইজরায়েল থেকে। বাসিন্দাদের সরে যেতে বলা হয়। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ইজরায়েল সেনা জানিয়েছে, সোমবার তারা ৩০০টি জায়গাকে টার্গেট করে। যেখানে হিজবুল্লা জঙ্গিরা অস্ত্র মজুত করেছিল।
