Weather Report: পুরীর কাছে আবার অতি গভীর নিম্নচাপ, ভাসবে বাংলাও – Bengali News | Weather Update Rain Forecast for south bengal Kolkata
কলকাতা: আবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের উপকূল-সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৪ শতাংশ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
সাগরে অতি গভীর নিম্নচাপের কারণে উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা। মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। উপকূলে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ওড়িশার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে। তবে রাতারাতি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তার। আগামী ১২ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে যাবে।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।