Save Soil: সদগুরুর জন্মদিনে মাটি বাঁচাতে বড় পদক্ষেপ গুজরাটের কৃষকদের – Bengali News | On Sadhguru’s birthday, one of its kind soil based Farmers Producer Company launched in Banaskantha, Gujarat
ফার্মার্স প্রোডিউসার কম্পানির (এফপিসি) উদ্বোধন করছেন গুজরাট বিধানসভার অধ্যক্ষ শঙ্করভাই চৌধুরি
বনসকাঁথা (গুজরাট): মাটি বাঁচাও আন্দোলন। বছর দুয়েক আগে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গি বাসুদেব। মঙ্গলবার সদগুরুর জন্মদিনে সেই মাটি বাঁচাও আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে নতুন পদক্ষেপ করলেন গুজরাটের বনসকাঁথার কৃষকরা। মাটি বাঁচাও আন্দোলনের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করলেন বনস সেভ সয়েল ফার্মার প্রোডিউসার কম্পানি (বিএসএসএফপিসি)। মঙ্গলবার গুজরাট বিধানসভার অধ্যক্ষ তথা বনস ডেয়ারির চেয়ারম্যান শঙ্করভাই চৌধুরি ফার্মার্স প্রোডিউসার কম্পানির (এফপিসি) উদ্বোধন করেন। এর সঙ্গে থারাডে বনস সয়েল টেস্টিং ল্যাবরেটরি (বিএসটিএল) এবং খিমানাতে দ্য বনস বায়োফার্টিলাইজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (বিবিআরডিএল) এবং একটি কৃষক প্রশিক্ষণ হলের সূচনা করেন তিনি।
১৯৫৭ সালের ৩ সেপ্টেম্বর জন্ম সদগুরুর। ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু মাটি বাঁচাতে বিশ্বজুড়ে আন্দোলন শুরু করেন বছর দুয়েক আগে। এদিন বনসকাঁথার কৃষকদের এই উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। একটি ভিডিয়ো বার্তায় বনসকাঁথার কৃষকদের তিনি ধন্যবাদ জানান। এবং এই উদ্যোগের সফলতা কামনা করেন। সদগুরু বলেন, “মাটি বাঁচানোর এই উদ্যোগের জন্য বনস ডায়েরির সবাইকে ধন্যবাদ। কৃষকদের এই পদক্ষেপের ফলে মাটি আরও পুষ্ট হবে। মাটি আমাদের জীবনের উৎস। আর কৃষকদের আয়ের উৎস। আমাদের দেশের ৬৫ শতাংশ নাগরিকের আয় বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনসকাঁথার কৃষকরা
এফপিসি উদ্বোধনের অনুষ্ঠানে শঙ্করভাই চৌধুরি বলেন, “বনস ডায়েরির কাছে এটা আর একটা দিন নয়। এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। মাটির পুষ্টির জন্য আমরা কৃষকদের নানা রকম সহায়তা করছি।” মাটি বাঁচাও আন্দোলনের চিফ টেকনিক্যাল অফিসার প্রবীণ শ্রীধর বলেন, “বনসকাঁথার আধা-শুষ্ক পরিবেশে মার্টির উর্বরতা এবং কৃষকদের জীবনযাত্রার মান বাড়াতে এফপিসি-র প্রভাব মধ্য-প্রাচ্য এবং আফ্রিকার মাটি-ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক মান নির্ধারণ করতে পারে।”
গত ১ বছর ৪ মাস ধরে বনস ডায়েরি টিমের সঙ্গে হাত মিলিয়ে সেভ সয়েল টিম কৃষকদের নিয়ে একাধিক কর্মশালার আয়োজন করেছে। মাটি বাঁচাও কর্মসূচিতে কৃষকদের যুক্ত করার চেষ্টা করেছে। কৃষকদের আয় কীভাবে বাড়বে, সেকথা তুলে ধরেছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)