বন্যার জেরে পাকিস্তানে বাড়ছে বাল্য বিবাহ! যুক্তি জানলে অবাক হবেন… – Bengali News | Monsoon Bride New Trend in Pakistan, How Child Marriage is Rising due to Climate Change
ইসলামাবাদ: ‘ওঠ ছুড়ি তোর বিয়ে’- এই লাইনটাই যেন কঠোর সত্যি পাকিস্তানে। কেউ স্কুল থেকে ফিরতেই শুনছে তাঁর বিয়ে, কাউকে আবার লিপস্টিকের প্রলোভন দেখিয়ে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এদের সকলেরই বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। যে বয়স তাদের বেড়ে ওঠার, নতুন নতুন জিনিস শেখার, সেই বয়সেই তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে সংসারের ভারী দায়িত্ব। কিন্তু কেন? পরিবারের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণেই নাকি তাদের এই চরম সিদ্ধান্ত নিতে হচ্ছে।
প্রায় দ্বিগুণ বয়সী ব্যক্তিদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে নাবালিকা-কিশোরীদের। এর বদলে মিলছে মোটা টাকা। তবে পাত্রপক্ষ নয়, এই যৌতুক পাচ্ছে কনের পরিবার। অর্থাৎ কার্যত টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে কন্যাসন্তানদের। তবে পাত্রীর পরিবারকেও দোষ দেওয়া যায় না, তারা বড়ই নিরুপায়। পাকিস্তানে প্রবল আর্থিক সঙ্কট থেকে বাঁচতেই এই পদক্ষেপ করতে হচ্ছে তাদের।
কেন বাড়ছে বাল্য বিবাহ?
জানা গিয়েছে, প্রতি বছর বন্যায় বিধ্বস্ত পাকিস্তানে আর্থিক সঙ্কট থেকে বাঁচতে এবং সংসার চালাতেই বাবা-মায়েরা তাদের কন্যাসন্তানদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দিচ্ছে। বিগত কয়েক বছর ধরেই পড়শি দেশে বাড়ছে বাল্যবিবাহ। তবে ২০২২ সালে ভয়ঙ্কর বন্যার পর থেকে সেই সংখ্য়াটা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
পাকিস্তানের কৃষিনির্ভর অঞ্চলগুলিতে জুলাই থেকে সেপ্টেম্বর মাস আগে সুখের হলেও, দিনে দিনে তা আতঙ্কের হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের জেরে ভারী বৃষ্টি হচ্ছে। বাড়ছে ধস, বন্যার শঙ্কা। ব্যাপক ক্ষতি হচ্ছে শস্যের।
২০২২ সালের হড়পা বানের পর এখনও সিন্ধ প্রদেশের বহু গ্রামই সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। বন্য়ায় চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ায়, তাদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছে। বড় পরিবারের পেট চালাতেই তাই বাধ্য হয়ে বিয়ে দিতে হচ্ছে নাবালিকা মেয়েদেরও। এরাই পরিচিত হচ্ছে মনসুন ব্রাইড হিসাবে।
একটি এনজিও-র প্রতিষ্ঠাতা মসহুক বিরমানি বলেন, “বেঁচে থাকার আপ্রাণ লড়াই এটা। আর হতদরিদ্র পরিবারগুলির কাছে অর্থ উপার্জনের অন্যতম উপায় হয়ে উঠেছে কন্যাসন্তানদের বিয়ে দিয়ে দেওয়া। ২০২২ সালের পর থেকেই বাল্যবিবাহের হার চোখে পড়ার মতো বেড়েছে। মে-জুন মাসেই কমপক্ষে ৪৫ জন নাবালিকার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে।”