RG Kar: ‘অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা’, আরজি কর কাণ্ডে কার দিকে আঙুল রাহুলের? – Bengali News | Rahul Gandhi claims there is a attempt to save accused in RG Kar case
আরজি কর নিয়ে সরব রাহুলImage Credit source: PTI
নয়া দিল্লি: বোন প্রিয়ঙ্কা গান্ধীর পর, এবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জঘন্য ঘটনা নিয়ে মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী একটি পোস্ট করেছেন। তিনি অভিযোগ করেছেন, নির্যাতিতা মহিলাকে ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রেক্ষিতে হাসপাতাল এবং স্থানীয় প্রশাসনের উপর গুরুতর প্রশ্ন উঠছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল। তাই জোট ধর্ম রক্ষার্থেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তিনি নীরব বলে অভিযোগ উঠছিল। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআই-কে দিয়েছে। তার একদিন পরই এই ঘটনার বিষয়ে মন্তব্য করলেন রাহুল গান্ধী।
রাহুল লিখেছেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক। যেভাবে পরতে পরতে তাঁর বিরুদ্ধে হওয়া নিষ্ঠুর এবং অমানবিক কাজকর্মগুলি প্রকাশিত হচ্ছে, তাতে চিকিৎসক সম্প্রদায় এবং মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।”