Malpua Recipe: বাড়িতেই বানান দোকানের মতো মালপোয়া! রইল রেসিপি – Bengali News | Delicious sweet malpua recipe to cook at home during pujo
সামনেই ঝুলন,মানে শ্রীকৃষ্ণ এবং রাধার বর্ষাকালীন মিলন উৎসব। তাকে ঘিরেই পুজো, উৎসব মুখর পরিবেশ। আর পুজো মানেই মিষ্টিমুখের হাতছানি।
ডায়েটে ভুলে প্রাণভরে খাওয়া দাওয়া। তবে ডায়েটে একটু ছাড় পেলেও স্বাস্থ্যের দিকটা পুরোপুরি এড়িয়ে যাওয়া ভাল না। তাই দোকানের কেনা মিষ্টির বদলে বরং বাড়িতেই বানিয়ে নিন। আর তা যদি হয় ভাজাভুজি আর মিষ্টির মিশেল তা হলে তো কথাই নেই! তাই বরং বাড়িতেই বানিয়ে নিন মালপোয়া। রইল রেসিপি।
উপকরণ
মালপোয়ার বানানোর জন্য
১ কাপ ময়দা, হাফ কাপ সিমুই বা সুজি, ১/৪ কাপ গুড় কিংবা চিনি, ১/৪ টেবিল চামচ এলাচ গুঁড়ো, আধ টেবিল চামচ মৌরি, আধ কাপ দুধ, জল প্রয়োজন মতো, ডুবিয়ে ভাজার মতো পরিমাণ তেল, খোয়া, নারকেল, দই। কলা বা ওই জাতীয় ফল এবং ড্রাই ফ্রুটসও যোগ করতে পারেন তালিকায়।
রস তৈরির জন্য
১ কাপ চিনি, আধ কাপ জল, ১/৪ টেবিল চামচ এলাচ গুঁড়ো আর কয়েকটি কেশর।
প্রণালী
প্রথমে একটি বড় বাটিতে ময়দা, সুজি বা সিমুই বা রাভা আর চিনি নিয়ে নিন। তাতে মৌরি আর এলাচ গুঁড়ো যোগ করুন। এর পর বাটিতেই দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। দেখবেন যেন কোনও ডেলা না থাকে।
প্রয়োজন মতো জল দিয়ে ভাল করে পুরোটা মিশিয়ে নিন আবার। খেয়াল রাখুন, ব্যাটারটি যেন ঢালার উপযোগী পাতলা হয়, আবার খুব পাতলাও না হয়। ৫ মিনিট ধরে ব্যাটারকে ভাল করে ফেটিয়ে নিন। তার পরে আধ ঘণ্টার জন্য কোনও পাত্রে ঢাকা দিয়ে রেখে দিন।
ব্যাটারটি একটু একটু করে গরম তেলে বা ঘি-তে দিয়ে ভাজুন। মাল পোয়া ফুলে ভেসে উঠলেই তার উপর আবার গরম তেল দিন। মালপোয়া যতক্ষণ না লুচির মতো ফুলে উঠছে, ততক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। দু’দিকই বাদামি হয়ে গেলে তুলে নিন।
টিস্যু পেপার বা কাগজে মালপোয়াগুলির অতিরিক্ত তেল শুষে নিন। তারপর গরম মালপোয়া চিনির রসে ডুবিয়ে দিন। ১০মিনিট অবধি ভাল করে রসে ডুবিয়ে রাখুন। এবার তুলে নিলেই তৈরি মালপোয়া।