Neeraj Chopra: ডাক্তার বলেছিল সার্জারি করাতে… রুপো পেয়ে সিদ্ধান্ত নীরজ চোপড়ার মুখে – Bengali News | Neeraj Chopra struggling with injury, after he won silver in Paris 2024 he says The doctor told me to go for surgery
Neeraj Chopra: ডাক্তার বলেছিল সার্জারি করাতে… রুপো পাওয়ার পর বড় সিদ্ধান্ত নেওয়ার কথা নীরজ চোপড়ার মুখেImage Credit source: PTI
কলকাতা: সোনার খিদে তাঁর মেটেনি। না মেটাটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে মন চাইলেও, ভাগ্যে লেখা থাকে অন্য কিছু। পরিশ্রম, চেষ্টার কোনও ত্রুটি করেননি নীরজ চোপড়া (Neeraj Chopra)। তারপরও প্যারিস থেকে সোনা নিয়ে দেশে ফিরতে পারবেন না। প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোতে পাকিস্তানের আর্শাদ নাদিম (Arshad Nadeem) সোনা জিতেছেন। আর ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াকে রুপোতে সন্তুষ্ট হতে হয়েছে। চোট আঘাত নিয়ে খুব ভুগছেন নীরজ চোপড়া। প্যারিসে রুপো পাওয়ার পর তাঁর মুখে শোনা গিয়েছে তা নিয়ে। নীরজ বলেন, ‘থ্রো করার সময় আমার মনের মধ্যে ৬০-৭০ শতাংশ ফোকাস থাকে চোট নিয়ে। আমি আর চোট পেতে চাই না। আমি নিজেকে পুশ করি। আপনারা দেখতে পাবেন, আমার আগের থেকে স্পিড কমেছে।’
২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। তার আগেই অবশ্য চিকিৎসক তাঁকে অস্ত্রোপচার করাতে বলেছিলেন। সে কথা উল্লেখ করে প্যারিস গেমসে রুপো পাওয়ার পর নীরজ বলেন, ‘আগের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে আমাকে চিকিৎসক সার্জারি করাতে বলেছিল। কিন্তু তখন আমার কাছে সার্জারি করানোর মতো সময় ছিল না। আর বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরও অস্ত্রোপচার করানোর মতো সময় বা পরিস্থিতি কোনওটাই ছিল না। কারণ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আমাকে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল।’
চোট থাকার পরও নিজেকে যে জোর করে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিয়ে যাচ্ছেন, তা কিন্তু ঠিক নয় বলেই মনে করেন নীরজ। তিনি বলেন, ‘কোনও খেলাতেই এটা ঠিক নয়। জোর করে খেলা একেবারেই অনুচিত। যদি বড় কেরিয়ারের কথা মাথায় থাকে, তা হলে ফিট থাকতে হবে। সুস্থ থাকতে হবে। অনেক সময় এমন প্রতিযোগিতা থাকে, যেখানে কড়া সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়।’
গত সাত বছর নীরজের বার বার ফিটনেস সংক্রান্ত সমস্যায় ভুগেছেন। তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে এমনটা আমি অনুভব করি। তারপর আমার অনেক ট্রিটমেন্ট হয়েছে। এ বার একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। পদক জয় অবশ্যই আলাদা ও গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৮ সালের এশিয়ান গেমসের পর থেকে আমার মনে হয়, অনেক ভালো থ্রো বাকি রয়েছে আমার মধ্যে। শরীর ও মন সঙ্গ দিলে নিশ্চয়ই নিজেকে ফিট রেখে ভালো থ্রো করব ভবিষ্যতে।’